উত্তর আমেরিকায় চলমান ফুটবল বিশ্বকাপে আজ নিয়মরক্ষার ম্যাচে জর্ডানের মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে এই ম্যাচে দলের নিয়মিত অধিনায়ক লিওনেল মেসিকে শুরুর একাদশে দেখা যাবে না বলে জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।
ইতিমধ্যেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করে ফেলায়, শেষ ম্যাচে দলের প্রধান তারকাকে কিছুটা বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন কোচ। শুক্রবার এক সংবাদ সম্মেলনে স্কালোনি নিশ্চিত করেছেন, সম্প্রতি ৩৯ বছরে পা দেওয়া মেসিকে এই ম্যাচে শুরুর দিকে বেঞ্চে দেখা যাবে, তবে খেলা চলাকালীন যেকোনো সময় মাঠে নামবেন তিনি।
অস্ট্রিয়া ও আলজেরিয়াকে হারিয়ে আগেই বিশ্বকাপের শেষ বত্রিশ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অন্যদিকে, প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা জর্ডান টুর্নামেন্ট থেকে এরই মধ্যে ছিটকে পড়েছে। ফলে আজকের ম্যাচটি আর্জেন্টিনার জন্য অনেকটা আনুষ্ঠানিকতা মাত্র। স্কালোনি জানান, পুরো দলের সেরা একাদশে বেশ কিছু পরিবর্তন আনা হতে পারে। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে এ পর্যন্ত প্রতিটি গোলই এসেছে মেসির পা থেকে, যার মাধ্যমে তিনি বিশ্ব ফুটবলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার অনন্য মাইলফলক স্পর্শ করেছেন।
এদিকে, মাঠের লড়াইয়ের বাইরে মেসির জন্মদিন ঘিরে দলের ভেতর বেশ আনন্দঘন পরিবেশ বিরাজ করছিল। সতীর্থরা বিশেষ জার্সি পরে এবং কেক কেটে তাদের অধিনায়কের জন্মদিন উদযাপন করেছেন। দলের ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো মনে করেন, মেসি এখনো তার ক্যারিয়ারের সেরা ছন্দে রয়েছেন এবং ২০২২ বিশ্বকাপের চেয়েও তিনি এখন অনেক বেশি ধারালো।
বিডি প্রতিদিন/এনএইচ