অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পাদিত সব মৌলিক চুক্তি ও সমঝোতা স্মারক জাতীয় সংসদে উপস্থাপনের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, স্বচ্ছতা, জবাবদিহি এবং জনগণের আস্থা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তিগুলো সংসদে আনা উচিত। এতে সরকারের সঙ্গে জনগণের সেতুবন্ধন আরও শক্তিশালী হবে।
গতকাল স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যের জন্য উত্থাপিত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান। তিনি আরও বলেন, অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পাদিত সব মৌলিক চুক্তি সংসদে উপস্থাপন করা উচিত। কারণ, সংসদ সদস্যরাই দেশের কোটি কোটি মানুষের প্রতিনিধি। তারা যখন এসব বিষয়ে অবহিত থাকবেন, তখন সরকারের কর্মকাণ্ড সম্পর্কে জনগণের আস্থাও বাড়বে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উত্থাপিত প্রস্তাবকে সমর্থন জানিয়ে তিনি বলেন, স্বাধীন পররাষ্ট্রনীতির বিষয়ে দেশের সব রাজনৈতিক দলের ঐকমত্য রয়েছে।