মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদীম আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন নদীতীর রক্ষাবাঁধ মেরামত কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ভাঙন আতঙ্কে থাকা আশ্রয়ণের বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন। ২২ জুন বাংলাদেশ প্রতিদিনে ‘ভাঙনের হুমকিতে আশ্রয়ণ প্রকল্প’ শীর্ষক প্রতিবেদন ছাপা হয়। এর আগে ৪ জুন বাংলাদেশ প্রতিদিনের অনলাইন ও মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মেও মিরকাদীম আশ্রয়ণ প্রকল্পে ভাঙনের ঝুঁকি নিয়ে খবর প্রকাশ হয়েছিল। এরপরই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। দ্রুত বাঁধ মেরামতের উদ্যোগ নেওয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, মিরকাদীমের তিলার্দী চর এলাকায় সরকারি খাস জমিতে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ৭৫টি ঘরে অসহায়, দরিদ্র ও ভূমিহীন পরিবার বসবাস করছে। অপরিকল্পিত বাঁধ নির্মাণ এবং অসমাপ্ত প্রতিরক্ষা ব্যবস্থার কারণে পুরো প্রকল্পটি নদীভাঙনের ঝুঁকিতে পড়ে।
বাসিন্দারা জানান, দ্রুত ও টেকসই কাজ সম্পন্ন হলে আশ্রয়ণ প্রকল্পের বসতভিটা রক্ষা পাবে। ভাঙন আতঙ্ক থেকে মুক্তি পাবেন তারা। একই সঙ্গে তারা বাংলাদেশ প্রতিদিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।