নেত্রকোনায় ডোবায় শিশুর এবং নদীতে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। চট্টগ্রামে শ্বশুরবাড়িতে পাওয়া গেছে এক গহবধূর লাশ। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
নেত্রকোনা : বাড়ির পাশের ডোবায় পাওয়া গেছে আবু সুফিয়ান রাফি (৫) নামে এক শিশুর লাশ। শুক্রবার রাতে সদর উপজেলার পশ্চিম উলুয়াটি গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত শেষে গতকাল লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রাফি পশ্চিম উলুয়াটি গ্রামের মতিউর রহমানের ছেলে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যার পর থেকে রাফিকে পাওয়া যাচ্ছিল না। রাতে বাড়ির পাশে ডোবায় হাঁটু পানিতে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুষ্টিয়া : কুমারখালীতে কালী নদী থেকে ভাসমান অবস্থায় রাফিদ হাসান কনক নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার লালন শাহ মাজার মাঠসংলগ্ন রানী ঘাট এলাকায় গতকাল লাশটি পাওয়া যায়। কনক সদর উপজেলার কায়ুম আলীর ছেলে। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন। চট্টগ্রাম : বোয়ালখালী উপজেলার কধুরখীলে শুক্রবার রাতে রুমা আক্তার সীমা (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সীমা ওই এলাকার প্রবাসী জানে আলমের স্ত্রী। তাদের দুটি শিশু সন্তান রয়েছে। বোয়ালখালী থানার ওসি মাহফুজুর রহমান জানান, লাশ চট্টগ্রাম মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।