ঝিনাইদহের কালীগঞ্জে মাত্র ১০ দিনের মধ্যে অন্তত ১০টি গরু চুরির ঘটনায় খামারি ও কৃষকদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। উপজেলার বিভিন্ন গ্রামে রাত জেগে পালাক্রমে পাহারা দিচ্ছেন গ্রামবাসী। এলাকাবাসীর অভিযোগ, পুলিশের অপর্যাপ্ত টহলের কারণেই চোরচক্র বেপরোয়া হয়ে উঠেছে।
সর্বশেষ ২৬ জুন দিবাগত রাতে উপজেলার আগমুন্দিয়া গ্রামের সৈয়দ আলীর গোয়ালঘর থেকে পাঁচটি গরু চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। একই রাতে পাশের বুজিডাঙ্গা মুন্দিয়া গ্রাম থেকেও একটি গরু চুরির ঘটনা ঘটে।
এর আগে ২০ জুন ভাতঘারা গ্রামের আব্দুস সালামের বাড়ি থেকে প্রায় দেড় লাখ টাকা মূল্যের একটি ষাঁড় গরু চুরি হয়। তারও পাঁচ দিন আগে, ১৫ জুন একই গ্রামের নায়েব আলীর গোয়ালঘর থেকে প্রায় ৪ লাখ টাকার তিনটি গরু চুরি হয়েছে। ওই রাতেই একই গ্রামের আব্দুস সামাদের বাড়ি থেকে একটি ইঞ্জিনচালিত আলমসাধু গাড়িও চুরি হয়।
ভুক্তভোগী আব্দুস সালাম বলেন, ‘একটি ষাঁড় গরুই ছিল আমার সংসারের বড় সম্পদ। মুহূর্তের মধ্যে রাতে গরুটি চুরি হয়ে গেল। গরু চুরি হওয়ার পর দিশেহারা হয়ে পড়েছি।’
আরেক ভুক্তভোগী সৈয়দ আলী বলেন, ‘এক রাতেই আমার পাঁচটি গরু চুরি হয়ে গেছে। কয়েক বছরের কষ্ট আর সঞ্চয় শেষ হয়ে গেল। প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন নতুন করে ঘুরে দাঁড়ানো খুব কঠিন। প্রশাসনের কাছে অনুরোধ, দ্রুত চোরদের গ্রেফতার করে আমার গরুগুলো উদ্ধার করা হোক।’
ভুক্তভোগী নায়েব আলী বলেন, ‘তিনটি গরু হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। খামারের আয়েই পরিবারের খরচ চলত। এখন রাতে আর ঘুম হয় না।’
ভাতঘারা গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, গ্রামবাসী এখন নিজেরাই পালাক্রমে রাত জেগে পাহারা দিচ্ছেন। পাহারা দেওয়ার সময় সন্দেহভাজন তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
জানা গেছে, চুরির ঘটনায় অতিষ্ঠ হয়ে ২৫ জুন রাতে ভাতঘারা গ্রামের বাসিন্দারা গরু চোর সন্দেহে তিনজনকে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে গরু চুরির কোনো আলামত না পাওয়ায় ৫৪ ধারায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। আটক তিনজনের বাড়ি পাশের বনখিদ্দা গ্রামে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, গরু চুরির বিষয়ে থানায় কেউ আনুষ্ঠানিক অভিযোগ করেননি। তবে স্থানীয় সূত্রে বিষয়টি জানার পর পুলিশ ক্যাম্পগুলোকে সতর্ক করা হয়েছে। নজরদারি বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়া গ্রামবাসীর হাতে আটক তিনজনকে উদ্ধার করে থানায় আনার পর তাদের বিরুদ্ধে ৫৪ ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে। চুরি প্রতিরোধে পুলিশি টহলও জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/এমই