যেকোনো বাগান এমনকি রোড ভিভাইডারেও চোখে পড়ে ফুলটি। কিন্তু সত্য হলো অনেকেই ফুলটিকে চেরি বা জারুল ভেবে ভুল করে থাকেন। শুক্রবার ফুলটির দেখা মিললো রংপুর মহানগরীর বৃহত্তম মুন্সিপাড়া কবরস্থানে।
ফুলটির প্রচলিত নাম ফুরুস। ইংরেজিতে ক্রেইপ মারটল আর উদ্ভিদতাত্ত্বিক নাম লাগের্স্ট্রমিয়া ইনডিকা। গুল্মজাতীয় উদ্ভিদটি সৌন্দর্যের দিক দিয়ে খুব অনন্য। এর লাল রং প্রকৃতি প্রেমীদের মুগ্ধ করে। লাল রঙ ছাড়াও সাদা, গোলাপি ও বেগুনী রঙের ফুরুস দেখতে পাওয়া যায়।
বাংলা একাডেমির সহ-পরিচালক এবং পায়রাবন্দের বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ আবিদ করিম মুন্না জানান, ফুরুস-এর আদি নিবাস চীন। চীন থেকে নিয়ে আসা হয়েছে বলে শোনা যায়। তবে দেশি জাতের ফুরুস রয়েছে। প্রায় চার মিটার পর্যন্ত উঁচু হতে পারে। শক্ত আর বেশ ডালপালা থাকে। কাণ্ড বাদামি আর পাতা ডিম্বাকার এবং মসৃণ। বর্ষায় ডালের শীর্ষে ছোট ছোট ফুলের খুব বড় থোকা চোখে পড়লে নান্দনিকতা ছড়িয়ে যায়। সাদা, গোলাপি, লাল এবং বেগুনি রঙের এই ফুলটির কলম ও শিকড় থেকেই বংশবৃদ্ধি হয়ে থাকে। বসন্তকালে ছেঁটে দিলে নতুন ডালে প্রচুর ফুল আসে।
বিডি-প্রতিদিন/জেডআর