দেশের বিভিন্ন অঞ্চলের উপযোগী ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবনে গতি এনেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি’র এলএসটিডি প্রকল্প। প্রকল্পের আওতায় ইতিমধ্যে লবণাক্ত ও জলাবদ্ধতাসহিষ্ণু তিনটি নতুন ধানের জাত উদ্ভাবন করা হয়েছে।
শনিবার গাজীপুরে ব্রি মিলনায়তনে প্রকল্পটির অগ্রগতি ও আগামী বছরের কর্মপরিকল্পনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ব্রির মহাপরিচালক আফসারী খানমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রাশিদা ফেরদৌস। কর্মশালায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ব্রির পরিচালক ড. মো. রফিকুল ইসলাম ও ড. আমিনুল ইসলাম।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এলএসটিডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. আনোয়ার হোসেন। মূল প্রবন্ধে তিনি ২০২৫-২৬ অর্থবছরে প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরার পাশাপাশি ২০২৬-২৭ সালের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। তিনি জানান, এলএসটিডি প্রকল্পের আওতায় ইতোমধ্যে তিনটি নতুন ধানের জাত ব্রি ধান১১৬, ব্রি ধান১১৭ এবং ব্রি হাইব্রিড ধান১০ উদ্ভাবন ও অবমুক্ত করা হয়েছে। যা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লবণাক্ত এবং জলাবদ্ধ জমিতে ধানের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, এই প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে নতুন করে ১০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। প্রকল্পের আওতার প্রযুক্তি গ্রামগুলোর কৃষকদের জন্য প্রদর্শনী প্লট, প্রশিক্ষণ, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার এবং গবেষণা-সম্প্রসারণ সংযোগ শক্তিশালী করার কেন্দ্র হিসেবে কাজ করছে। প্রযুক্তি গ্রামগুলোতে আউশ, আমন এবং বোরো মৌসুমে রাইস গার্ডেন স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে কৃষক-গবেষক সরাসরি সংযোগ স্থাপিত হয়েছে, যা কৃষকের আধুনিক প্রযুক্তি গ্রহণের গতি আরও ত্বরান্বিত করছে।
কর্মশালায় প্রধান অতিথি কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রাশিদা ফেরদৌস বলেন, এলএসটিডি প্রকল্পের অর্জিত স্থানভিত্তিক গবেষণালব্ধ জ্ঞান ও প্রযুক্তি কৃষক পর্যায়ে প্রসারের মাধ্যমে ধানের লাভজনক উৎপাদনশীলতা বৃদ্ধি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি প্রকল্পের কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করার আহ্বান জানান।
কর্মশালায় ব্রি প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় এবং স্যাটেলাইট স্টেশনে কর্মরত বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ, নার্সভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞানীবৃন্দ, কৃষক প্রতিনিধি এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/এমই