ফুটবল বিশ্বকাপে গ্রুপ ‘জি’ থেকে নক আউট পর্ব নিশ্চিত করেছে মিশর। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ইরানের সাথে ১-১ গোলে ড্র করে রানার্সআপ হিসেবে নকআউট পর্বে উঠেছে মিশর।
১৯৩৪ সালে অভিষেকের পর এই প্রথম নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করল মিশর।
ইনজুরি সময়ে ভিডিও সহকারী রেফারির (ভিএআর) মাধ্যমে অফসাইডের কারণে গোল বাতিল হওয়ায় ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় ইরানকে। ৩ ম্যাচে ৩ ড্র’তে ৩ পয়েন্ট নিয়ে এই গ্রুপ থেকে তৃতীয় দল হিসেবে নকআউটে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে ইরান। শেষ ৩২-এ জায়গা নিশ্চিত কিনা সেটির জন্য রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে ইরানকে। বর্তমানে তৃতীয় দলের তালিকায় ৬ নম্বরে অবস্থান করছে তারা।
গ্রুপ আই, জে ও কে-এর দিকে তাকিয়ে থাকতে হবে ইরানকে। এই তিন গ্রুপ থেকে তিন নম্বরে থাকা দু’টি দল নক আউটে খেলার সুযোগ পেলে, পরের রাউন্ডের টিকিট পাবে ইরান। তবে তিন গ্রুপ থেকে তিন দলই যদি নকআউট পর্বের টিকিট পায়, তাহলে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হবে ইরানকে।
৩ ম্যাচে ১ জয় ও ২ ড্রতে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে নকআউটে উঠল মিশর। এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে বেলজিয়াম। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গোলগড়ে এগিয়ে থাকায় টেবিলের শীর্ষে থেকে সেরা ৩২’এ খেলবে বেলজিয়াম।
বিডি-প্রতিদিন/বিএম