রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে রোপা আমানসহ অন্যান্য ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে ১ হাজার ৯০০ কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই কার্যক্রম উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা বিএনপির সহ সভাপতি মো. জাফর আলী মিয়া, উপজেলা কৃষক দলের সভাপতি মো. মহসিনসহ বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন, সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৯০০ জন কৃষকের প্রত্যেককে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি (পটাশ) এবং ৫ কেজি উন্নত জাতের রোপা আমন ধানের বীজ প্রদান করা হবে। সরকার কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে। উন্নত জাতের বীজ ব্যবহারের ফলে ফলন বৃদ্ধি পাবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিডি প্রতিদিন/এএম