উজবেকিস্তানের বিপক্ষে বড় জয়ের পর নিজেদের গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে পর্তুগাল। কলম্বিয়ার বিপক্ষে শেষ ম্যাচেও তাই অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে ক্রিস্টিয়ানো রোনালদো। কারণ শেষ ম্যাচের ফলাফলের ওপরেই নির্ভর করছে নকআউট পর্বে কাদের সামনে পড়তে পারে তারা।
একটি জয় ও একটি ড্র-সহ চার পয়েন্ট নিয়ে পর্তুগাল তাদের গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে। তাদের প্রতিপক্ষ কলম্বিয়া প্রথম দুই ম্যাচে জয়লাভ করে গ্রুপের শীর্ষে অবস্থান করছে।
এদিকে অনুশীলনের সময় পর্তুগিজ সুপারস্টারকে বিশেষ সোনালি রঙের জুতো পরে অনুশীলন করতে দেখা গেছে।ইএসপিএনএফসি-র তথ্য অনুযায়ী, টানা ছয়টি ফিফা বিশ্বকাপে গোল করার অনন্য রেকর্ডের স্বীকৃতিস্বরূপ নাইকি বিশেষ সোনালি রঙের ‘গোল্ড স্করপিয়ন’ মার্কারিয়াল সুপারফ্লাই ১১ জুতো বাজারে এনেছে। এই জুতোর ওপর সাদা রঙে তার বিখ্যাত ডাকনাম ‘সিআর৭’ লেখা রয়েছে। যা পরে অনুশীলন করেছেন তিনি।
উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোলের সুবাদে রোনালদো ফিফা বিশ্বকাপের ইতিহাসে পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন। তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ১০-এ, যা ইউসেবিও-র ৯টি গোলের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
পর্তুগিজ কিংবদন্তি এবং ১৯৬৫ সালের ব্যালন ডি’অর জয়ী ইউসেবিও ১৯৬৬ বিশ্বকাপে দলকে তৃতীয় স্থান অর্জনে সহায়তা করেছিলেন। রোনালদো ও ইউসেবিও-র ঠিক পরেই, চারটি গোল নিয়ে পর্তুগালের বিশ্বকাপ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন পাউলেতা।
পাশাপাশি ছয়টি ভিন্ন ফিফা বিশ্বকাপ টুর্নামেন্টে গোল করা প্রথম খেলোয়াড় হওয়ার গৌরবও অর্জন করেন রোনালদো। এর মাধ্যমে বড় টুর্নামেন্টগুলোতে (ফিফা বিশ্বকাপ ও ইউরো চ্যাম্পিয়নশিপ) তার টানা ১০ ম্যাচ গোলহীন থাকার খরা কেটে যায়।
তবে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ ড্র করার পর সমালোচনার মুখে পড়েছিলেন রোনালদো। তবে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে আবারও নিজের জিাত চেনান এই ফুটবলার।
সূত্র: রিপাবলিক ওয়ার্ল্ড।
বিডি প্রতিদিন/আরকে