দিনাজপুরে মোটরড্রাইভিং প্রশিক্ষণার্থীদের জন্য জব ফেয়ার বা চাকরির মেলা অনুষ্ঠিত হয়েছে। তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তর ও কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এই আয়োজন করে।
শনিবার সকাল ৯টায় দিনাজপুর আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চাকরি মেলাটি অনুষ্ঠিত হয়।
এই মেলার মাধ্যমে রংপুর ও রাজশাহী রেঞ্জের ১৬টি জেলা থেকে আগত আনসার-ভিডিপি সদস্যদের মধ্য থেকে ১২৬ জনকে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ‘প্রাণ-আরএফএল গ্রুপ’-এ ড্রাইভার ও ড্রাইভারস হেলপার হিসেবে চাকরি নিশ্চিত করা হয়েছে।
মেলায় অংশ নেওয়া প্রত্যেকেই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাধ্যমে সফলভাবে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ সম্পন্ন করেছিলেন।
এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলার আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মো. নূরুজ্জামান। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন বিরল উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মো. আব্দার মোল্লা, দিনাজপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার প্রবীর চন্দ্র এবং প্রাণ আরএফএল কোম্পানির প্রতিনিধিরা।
সংশ্লিষ্টরা জানান, চলতি বছরের এপ্রিল ও মে মাসে দিনাজপুর আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে মোটরড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণকারী মোট ১৫২ জনের স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এমই