গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল সম্পন্ন হয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মাধ্যমে আয়োজন শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার।
উপাচার্য বলেন, দেশের বিভিন্ন প্রান্তের একশোর বেশি বিশ্ববিদ্যালয় থেকে আসা এক হাজার দুইশোর বেশি প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থীর অংশগ্রহণ এ আয়োজনকে বৃহৎ প্রযুক্তি উৎসবে পরিণত করেছে। এই দুই দিনে প্রযুক্তি, সৃজনশীলতা এবং উদ্ভাবনের এক অনন্য সমন্বয় প্রত্যক্ষ করেছি, যা জ্ঞান ও প্রযুক্তিতে প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের অসাধারণ নৈপুণ্যের অনন্য উদাহরণ। এ কার্নিভালের প্রতিটি প্রজেক্ট, প্রতিটি আইডিয়া, প্রতিটি উপস্থাপনা আমাদের শিক্ষার্থীদের অসীম সম্ভাবনা এবং নিবেদিত পরিশ্রমের প্রতিফলন।
সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিচালক অধ্যাপক ড. উৎপল কুমার দাস, ইনোভার্স বাংলাদেশের ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কার্নিভাল ২০২৬-এর ডুয়েট চ্যাপ্টারের প্রজেক্ট ডিরেক্টর ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব।
ইনোভার্স বাংলাদেশের ‘ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কার্নিভাল ২০২৬’ এর অংশ হিসেবে এ আয়োজন করা হয়। দুই দিনব্যাপী এই আয়োজনে সহযোগিতা করেছে ডুয়েট কম্পিউটার সোসাইটি এবং হোয়াইটবোর্ড ইনিশিয়েটিভস। এতে দেশের একশোর বেশি বিশ্ববিদ্যালয়ের এক হাজার দুইশোরও বেশি শিক্ষার্থী অংশ নেয়।
বিডি-প্রতিদিন/এমই