গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ‘গাকৃবির উদ্ভাবিত প্রযুক্তির পরিচিতিকরণ’ শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির উদ্ভাবিত কৃষি প্রযুক্তি, উন্নত জাত এবং জ্ঞান কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে এ আয়োজন করা হয়।
শনিবার বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কমপ্লেক্সের সেমিনার কক্ষে বহিরাঙ্গন কেন্দ্রের উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ ও পরিচালক প্রফেসর ড. মো. মসিউল ইসলাম।
সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপনা করেন প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন। পরে ড. মসিউল ইসলাম মৌলিক ও প্রায়োগিক গবেষণা ও গবেষণালব্ধ প্রযুক্তি সম্প্রসারণে গাকৃবির অবদান তুলে ধরেন।
ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেবল গবেষণাগার বা প্রকাশনায় সীমাবদ্ধ থাকলে তার পূর্ণ মূল্যায়ন হয় না, প্রকৃত সার্থকতা তখনই আসে, যখন সেই উদ্ভাবন কৃষকের মাঠে পৌঁছে উৎপাদন বাড়ায়, ব্যয় কমায় এবং মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখে। এ জন্যই গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণাকে সমাজের প্রয়োজনের সঙ্গে যুক্ত করতে এবং কৃষকের আস্থা ও বাস্তব অভিজ্ঞতাকে গবেষণার শক্তিতে রূপ দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
সেমিনারের শেষ পর্বে অংশগ্রহণকারীরা তাদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা, বিভিন্ন চ্যালেঞ্জ এবং প্রযুক্তি গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তার বিষয়গুলো তুলে ধরেন।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলার কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা ও শ্রীপুরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা। এছাড়া গাজীপুরের বদনিভাঙ্গা ও পাজুলিয়া গ্রামের ৪০ জন কৃষক-কৃষাণী, খামারি ও উদ্যোক্তা এতে অংশ নেন।
বিডি-প্রতিদিন/এমই