বিশ্বকাপের গ্রুপ ‘কে’-এর শেষ ম্যাচে শনিবার মুখোমুখি হবে ডিআর কঙ্গো ও উজবেকিস্তান। দুই দলের সামনেই নকআউটের আশা থাকলেও সমীকরণে এগিয়ে রয়েছে আফ্রিকার প্রতিনিধিরা। জয় পেলে সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটি হিসেবে নকআউটে ওঠার সম্ভাবনা জোরালো হবে কঙ্গোর। অন্যদিকে উজবেকিস্তানকে শুধু জিতলেই হবে না, অপেক্ষা করতে হবে অন্য ম্যাচগুলোর ফলের দিকেও।
প্রথম দুই ম্যাচে পর্তুগালের সঙ্গে ড্র এবং কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে চার পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে কঙ্গো। তবে টানা চার ম্যাচে জয়হীন দলটি শেষ ম্যাচে তিন পয়েন্ট নিয়েই নকআউটের আশা বাঁচিয়ে রাখতে চায়।
কোচ সেবাস্তিয়ান দেসাব্রে প্রথম দুই ম্যাচেই রক্ষণাত্মক কৌশলে খেললেও এবার আক্রমণাত্মক পরিকল্পনা নিয়ে মাঠে নামতে পারেন। দলের আক্রমণের মূল ভরসা ইয়োয়ানে উইসা ও অভিজ্ঞ সেড্রিক বাকাম্বু।
অন্যদিকে অভিষেক বিশ্বকাপে হতাশ করেছে উজবেকিস্তান। প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে ৩-১ এবং দ্বিতীয় ম্যাচে পর্তুগালের কাছে ৫-০ গোলে হেরে এখনো কোনো পয়েন্ট পায়নি দলটি। দুই ম্যাচে সাত গোল হজম করা উজবেকিস্তানের সামনে এখন শুধু সম্মান রক্ষার পাশাপাশি ক্ষীণ নকআউট সম্ভাবনা ধরে রাখার লড়াই।
দলের সবচেয়ে বড় ভরসা অধিনায়ক এলদর শোমুরোদভ। তবে বিশ্বকাপে এখনো গোলের দেখা পাননি তিনি। আব্বোসবেক ফয়জুল্লায়েভই এখন পর্যন্ত উজবেকিস্তানের একমাত্র গোলদাতা।
দুই দলেই বড় কোনো চোটের সমস্যা নেই। তাই পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামার পরিকল্পনা করছেন দুই কোচ।
বিডি-প্রতিদিন/এআইডি