সিরাজগঞ্জে ৮ মাদক সেবনকারীর প্রত্যেককে দেড় মাস করে সশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে সিরাজগঞ্জ পৌর শহরের রেলওয়ে কলোনীতে আটককৃত সেবনকারীদের ভ্রাম্যমান আদালতে এ দন্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এহসান আহমেদ খান।
এ সময় পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্তরা হলো- শহরের মাছুমপুর মহল্লার সুলেমান মন্ডলের ছেলে সুরুজ মন্ডল (৩৫), একই এলাকার মৃত আব্দুল ওয়াদুদের ছেলে সাদ্দাম হোসেন (২১), চরমালসাপাড়া গ্রামের সুলতান সেখের ছেলে অকুল সেখ (২০), একই এলাকার আমির হোসেনের ছেলেন সিয়াম (২০), ফজল সেখের ছেলে রাব্বি সেখ (২০), রতন সেখের ছেলে বাঁধন সেখ (২০). ধানবান্ধি মহল্লার পুলো শেখের ছেলে আনিছুর (৩২) ও হোসেনপুর মহল্লার মৃত শুকুর আলীর ছেলে নুরুল ইসলাম (৩৫)।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে রেলওয়ে কলোনী এলাকার যুব সমাজ মাদকদ্রব্য গাজা, ইয়াবা ও হেরোইনসহ ৮ সেবনকারীকে আটক করে জেলা বিএনপির নেতৃবৃন্দকে খবর দেন। সংবাদ পেয়ে জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বহমান বাচ্চু এলাকায় গিয়ে আটককদের পুলিশের সোপর্দের পরামর্শ দেন। পরে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যসহ নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঘটনাস্থলে পৌছে আটকদের ভ্রাম্যমাণ আদালতে সাজা দেন।
জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, গত ১৭ বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে জীবনবাজি রেখে লড়াই করেছি। এখন মাদকের বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়াই শুরু করেছি। আশা করছি সিরাজগঞ্জবাসীকে সাথে নিয়ে সিরাজগঞ্জকে মাদকমুক্ত করব।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট এহসান আহমেদ খান জানান, প্রত্যেক মাদক সেবনকারীকে দেড় মাস করে কারাদন্ড ও ৫০ টাকা করে জরিমানা প্রদান করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবা ও হেরোইন পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। দন্ডপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম