বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুউল্লাহ্ কমিউনিটি হাসপাতালে সোরিয়াসিস সচেতনতা ক্লাব উদ্বোধন করা হয়েছে। সোরিয়াসিস রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার আনুষ্ঠানিকভাবে ক্লাবটির উদ্বোধন করা হয়।
টিএমএসএস মেডিকেল কলেজের প্রফেসর ডা. এ. কে. এম. মাসুদুর রহমান হলে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চর্ম ও যৌনরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. এস. এম. আখতারুল আলম আজাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চর্ম ও যৌনরোগ বিভাগের চেয়ারম্যান ও বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটি (বিডিএস) এর সভাপতি প্রফেসর ডা. মুনির রশিদ। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাবের সভাপতি প্রফেসর ডা. মো. সামিউল হক, সহ-সভাপতি প্রফেসর ডা. রাশেদ মো. খান, সাধারণ সম্পাদক প্রফেসর ডা. এম. আবু হেনা চৌধুরীসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সোরিয়াসিস কোনো সংক্রামক রোগ নয়। এটি একটি দীর্ঘমেয়াদি, প্রদাহজনিত এবং নিয়ন্ত্রণযোগ্য চর্মরোগ। যথাসময়ে সঠিক চিকিৎসা, নিয়মিত ফলোআপ এবং রোগ সম্পর্কে সঠিক জ্ঞান থাকলে আক্রান্ত ব্যক্তিরা স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন। তবে সমাজে এ রোগ নিয়ে নানা ভুল ধারণা, কুসংস্কার ও সামাজিক সংকোচ রয়ে গেছে। এসব ভুল ধারণা দূর করতে চিকিৎসক, গণমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনকে সমন্বিতভাবে কাজ করার ওপর বক্তারা গুরুত্বারোপ করেন।
টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুউল্লাহ্ কমিউনিটি হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগের আয়োজনে এ কর্মসূচিতে সহযোগিতা করেছে সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাব, বাংলাদেশ। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চিকিৎসক, শিক্ষক, আমন্ত্রিত অতিথি, মেডিকেল শিক্ষার্থী, স্বাস্থ্যসেবাকর্মী, সোরিয়াসিসে আক্রান্ত রোগী ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/এমই