মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে একটি তেলবাহী জাহাজ (ট্যাংকার) অজ্ঞাত একটি প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এক বিবৃতিতে জানায়, জাহাজটির ক্যাপ্টেইন কর্তৃপক্ষকে জানিয়েছেন যে, ট্যাংকারটি ‘অজ্ঞাত একটি প্রজেক্টাইলের’ আঘাতে আক্রান্ত হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, হামলায় জাহাজটির ব্রিজ (নিয়ন্ত্রণকক্ষ) ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জাহাজে থাকা সব নাবিক নিরাপদ রয়েছেন এবং রিপোর্ট লেখা পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ইউকেএমটিও আরও জানিয়েছে, এ ঘটনায় সমুদ্রে তেল ছড়িয়ে পড়া বা অন্য কোনো পরিবেশগত ক্ষয়ক্ষতির তথ্যও রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।
ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত শুরু করেছে। কী ধরনের প্রজেক্টাইল ব্যবহার করা হয়েছে, কারা হামলা চালিয়েছে এবং হামলার উদ্দেশ্য কী ছিল- এসব বিষয় তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।
এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। সাম্প্রতিক দিনগুলোতে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে বাণিজ্যিক জাহাজে হামলা এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীতে এ ধরনের হামলা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ, বৈশ্বিক বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করতে পারে। তাই ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং নৌপথে নিরাপত্তা নিশ্চিত করা এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সূত্র: আল-জাজিরা
বিডি প্রতিদিন/একেএ