কক্সবাজারে ইনানী দক্ষিণ সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এক যুবক নিখোঁজ হয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ যুবকের নাম মোহাম্মদ সায়েম (২২)। তিনি চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার মো. ইকবালের ছেলে। তাকে উদ্ধারে কাজ শুরু করেছেন স্থানীয় জেলে, বিচ কর্মী ও ট্যুরিস্ট পুলিশ।
নিখোঁজ সায়েমের বন্ধু আরমান বলেন, ‘আমরা দুই বন্ধু একসঙ্গে সমুদ্রে গোসল করতে যাই। গোসলের একপর্যায়ে সায়েম সমুদ্রের পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়। এ সময় আমি তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হই। পরবর্তীতে আমার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং স্থানীয় লোকজন ও বিচ কর্মীসহ সংশ্লিষ্টরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন।’
কক্সবাজার জেলা প্রশাসনের বিচ কর্মীদের ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, ‘উখিয়ার ইনানী রয়েল টিউলিপ হোটেলের দক্ষিণ দিকে পালংকি রেস্তোরাঁ সংলগ্ন সমুদ্রসৈকত এলাকায় কয়েকজন পর্যটক গোসলে নামে। হঠাৎ বড় ঢেউ এসে স্রোতের টানে ভেসে যায় সায়েম।’
ঘটনার পর স্থানীয় জেলে, বিচ কর্মী ও ট্যুরিস্ট পুলিশ নিখোঁজ পর্যটকের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে।
বিডি-প্রতিদিন/এআইডি