বরিশালের বাকেরগঞ্জে শিক্ষার্থীদের জন্য সরকারি বরাদ্দের মিডডে মিল কর্মসূচির ডিম ও রুটি মিলল প্রধান শিক্ষকের ব্যাগে। এর ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ। বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল জানান, ভিডিওটি তাদের নজরে এসেছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন ও দুই সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ভিডিওর মাধ্যমে জানা যায়, উপজেলার চরাদি ইউনিয়নের রানিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেশমা আক্তার গত বৃহস্পতিবার ছুটির পর বাড়ি ফিরছিলেন। পথে কয়েকজন তার ব্যাগ তল্লাশি করেন। ব্যাগ থেকে শিক্ষার্থীদের জন্য বরাদ্দের দুই ডজন ডিম ও ২২টি রুটি উদ্ধার করা হয়। প্রধানশিক্ষকের দাবি, বিদ্যালয় পরিচালনা কমিটি নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে বিরোধের জেরে তাকে এ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। বাকেরগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন বলেন, ‘স্কুল ফিডিং কর্মসূচির খাবার আত্মসাতের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সত্যতা মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’