রাজধানীর আদাবর থানাধীন শ্যামলী হাউজিং দ্বিতীয় প্রকল্প এলাকায় ছিনতাই ও অস্ত্রের মুখে জিম্মি করে টাকা নেওয়ার অভিযোগে জাহিদ (৩৮) নামে যুবককে স্থানীয়রা আটক করে গণপিটুনি দেয়।
শনিবার (২৭ জুন) সকালের দিকে ঘটনাটি ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদাবর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়ামিন সরকার বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে ওই যুবককে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে একটি মামলায় আদালতে নেওয়া হয়। সেখানে সে অসুস্থ হয়ে পড়ে। পরে সেখান থেকে আদালতের পাশে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে বিকেল আনুমানিক সাড়ে ৪টায় তার মৃত্যু হয়। পরে ময়নাতদন্তের জন্য রাত সাড়ে ১০টার দিকে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়।
তিনি আরও বলেন, জাহিদ ছিল মাদকাসক্ত যুবক, সব সময় নেশা করত। পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। সে মানুষের কাছ থেকে টাকাপয়সা চেয়ে নিয়ে খেত। না পেলে ছিনতাই করে এবং ছুরি দিয়ে ভয় দেখিয়ে জোরপূর্বক টাকাপয়সা নিয়ে নিত। শ্যামলী হাউজিং এলাকাতেই তার বসবাস ছিল। আজ জনৈক খোরশেদ নামে এক ব্যক্তির কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা নিয়ে যায়। পরে সেখানকার লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জাহিদ, ভোলা জেলার লালমোহন উপজেলার মহেশখালী গ্রামের জয়নাল মিয়া ছেলে।
বিডি প্রতিদিন/কেএইচটি