রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি দূরপাল্লার বাসে আকস্মিক অভিযান চালিয়ে আট হাজার পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। শনিবার ভোরে হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এই অভিযান চালানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- কেরামা চাকমা (৩৮), লাউমং চাকমা (৪৪), লেড়াইয়া চাকমা (২৪) ও চামিয়া চাকমা (২৯)। ডিএনসি জানিয়েছে, গ্রেফতার হওয়া এই চারজন ঘনিষ্ঠ আত্মীয় এবং তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় মাদকের বড় চালান সরবরাহ করে আসছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) অধীনস্থ ধানমন্ডি সার্কেলের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ডিএনসির দলটি ভোর সাড়ে ৪টার দিকে যাত্রাবাড়ী ফ্লাইওভারের টোল প্লাজায় অবস্থান নেয়। এ সময় রাঙামাটি থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসকে সন্দেহভাজন হিসেবে থামিয়ে তল্লাশি করা হয়। বাসটিতে সুক্ষ্ম তল্লাশি চালানোর একপর্যায়ে ওই চার আত্মীয়ের কাছ থেকে সুকৌশলে লুকিয়ে রাখা আট হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/কেএইচটি