বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগেই শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে ইংল্যান্ড। দুই ম্যাচ শেষে ‘থ্রি লায়ন্স’দের সংগ্রহ ৪ পয়েন্ট। ফলে সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটি হিসেবে নকআউট পর্বে ওঠা নিশ্চিত হয়েছে তাদের।
বর্তমানে সুইডেন, ইকুয়েডর, বসনিয়া-হার্জেগোভিনা ও প্যারাগুয়েরও সমান ৪ পয়েন্ট রয়েছে। তবে এখনও কয়েকটি গ্রুপের খেলা বাকি থাকায় অবস্থানের পরিবর্তনের সুযোগ রয়েছে। শনিবার স্পেনের কাছে উরুগুয়ের হারের পর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয় ইংল্যান্ডের শেষ ৩২-এ ওঠা।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছিল ইংল্যান্ড। তবে দ্বিতীয় ম্যাচে ঘানার সঙ্গে গোলশূন্য ড্র করায় পয়েন্ট ভাগাভাগি করতে হয় থমাস টুখেলের দলকে।
আজ গ্রুপপর্বের শেষ ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ পানামা। ইতোমধ্যে টানা দুই ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়েছে পানামার। অন্যদিকে জয় পেলে গ্রুপসেরা হওয়ার সুযোগ থাকবে ইংল্যান্ডের সামনে।
এদিকে একই গ্রুপে আজ মুখোমুখি হবে ক্রোয়েশিয়া ও ঘানা। বর্তমানে ঘানারও সংগ্রহ ৪ পয়েন্ট, তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তারা রয়েছে দ্বিতীয় স্থানে। এই ম্যাচে ড্র করতে পারলেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে পারবে ক্রোয়েশিয়া।
বিডি প্রতিদিন/এম.এস