দীর্ঘ ১৬ মাস পর মঞ্চে ফিরছে জনপ্রিয় রকব্যান্ড ‘অর্থহীন’। একই মঞ্চে পারফর্ম করতে চলেছে আর্টসেল, ব্ল্যাকসহ জনপ্রিয় আটটি ব্যান্ড। আর এই রক সংগীতপ্রেমীদের মিলনমেলা ঘটছে ‘ওভারলোড ফেস্টিভ্যাল’ নামের একটি কনসার্টে। ১০ জুলাই রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের (বিসিএসসিসি) ‘হল অব ফেম’-এ অনুষ্ঠিত হবে এই কনসার্ট। যেখানে নতুন লাইনআপ নিয়ে পারফর্ম করবে অর্থহীন। মঞ্চে দেখা যাবে ব্যান্ডটির পুরোনো সদস্য গিটারিস্ট শিশির আহমেদকে। এরই মধ্যে ওভারলোড ফেস্টিভ্যালে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে অর্থহীন। নতুন লাইনআপ নিয়ে এবারই প্রথমবার মঞ্চে পারফর্ম করতে
যাচ্ছেন তাঁরা। ফলে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। গত মার্চে অর্থহীনের সঙ্গে পথচলার ইতি টানেন ড্রামার মার্ক ডন ও গিটারিস্ট এহতেশাম আলী মঈন। অন্যদিকে নতুন মুখ বখতিয়ার হোসাইনকে নিয়ে মঞ্চে উঠবে আর্টসেল। সম্প্রতি এক ভিডিওবার্তায় ব্যান্ডটির সদস্যরা তাঁদের দীর্ঘদিনের ভোকালিস্ট লিংকন ডি কস্তার সাময়িক বিরতিতে যাওয়ার বিষয়টি জানান। পাশাপাশি তাঁর অবর্তমানে ট্যুর ভোকালিস্ট হিসেবে ব্যান্ডে বখতিয়ারের যোগদানের বিষয়টি নিশ্চিত করেন তাঁরা। ওভারলোড ফেস্টিভ্যালের পুরো লাইনআপে রয়েছে অর্থহীন, আর্টসেল, ব্ল্যাক, ক্রিপটিক ফেইট, নেমেসিস, পাওয়ারসার্জ, লেভেল ফাইভ ও রকসল্ট।