ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভাজকের গাছ কাটার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শামুকসার এলাকায় এ ঘটনা ঘটেছে। কুমিল্লা সড়ক উপবিভাগের কার্য সহকারী মোবারক হোসেন ভূঁইয়া বাদী হয়ে এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন। সওজ ও মামলা সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিভাজকের মধ্যে হরেক রকমের ফুল ও ফল গাছ রোপণ করে সড়ক ও জনপথ বিভাগ-সওজ। গাছের মধ্যে উল্লেখযোগ্য হলো; হৈমন্তী, কুর্চি, টগর, রাঁধাচূড়া, কাঞ্চন, সোনালু, কৃষ্ণচূড়া, কদম, বকুল, পলাশ, করবী, কেসিয়া ও জারুল। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
চৌদ্দগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। সড়ক ও জনপথ বিভাগের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি কল রিসিভ না করায় এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।