রংপুরে এক জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ সফিউর রহমানের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করে জেলার সাংবাদিক সমাজ।
রবিবার রংপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
বিক্ষুব্ধরা জানান, রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে)-এর সভাপতি ও দৈনিক দিনকাল পত্রিকার রংপুর ব্যুরো প্রধান সালেকুজ্জামান সালেক গত ২৩ এপ্রিল রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের কার্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে অসৌজন্যমূলক আচরণের শিকার হন। এর প্রতিবাদে অভিযুক্ত কর্মকর্তাকে অপসারণ এবং সাংবাদিকদের নিরাপত্তার নিশ্চয়তা দাবি করেন সাংবাদিকরা।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লিয়াকত আলী বাদল। সঞ্চালনা করেন আরপিইউজের সাংগঠনিক সম্পাদক বাদশাহ ওসমানী। সমাবেশে বক্তব্য রাখেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি চঞ্চল মাহমুদ, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ন কবীর মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, দপ্তর সম্পাদক হারুন উর রশিদ সোহেলসহ অন্যরা।
বিডি-প্রতিদিন/এমই