নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকার বিদ্যুতায়িত খুঁটি ছুঁয়ে নির্মূলা (৬৮) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে ফতুল্লার মাসদাইর পতেঙ্গা মোড় এলাকার আল-আমিন মসজিদ গলিতে এ ঘটনা ঘটে।
নিহত নির্মূলা ফতুল্লা মডেল থানার চানমারী মাউড়া পট্টির বাবুলের বাড়ির ভাড়াটিয়া ও মৃত তৈয়ব আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ইন্টারনেট সংযোগের একটি বাক্স বাঁধা ছিল। বৃষ্টিতে বাক্সটি ভিজে গেলে খুঁটিতে বিদ্যুৎ সংযোগ ছড়িয়ে পড়ে। এদিন নির্মূলা পার্শ্ববর্তী আল-আমিন মসজিদের দিকে যাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত খুঁটিতে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আশিষ দাস বলেন, নিহত নির্মূলা ভিক্ষা করতে মসজিদের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিদ্যুতায়িত খুঁটির সংস্পর্শে এসে তিনি মারা গেছেন। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বিডি-প্রতিদিন/এমই