প্রতি বছর সারা বিশ্বে প্রায় ৩ লাখ শিশু মারা যায় জন্মগত ত্রুটির কারণে। শিশু মৃত্যুহারের ২১ শতাংশের জন্য এটি দায়ী। যথাযথ চিকিৎসা নিশ্চিত করা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই এই মৃত্যুহার কমানো সম্ভব।
সোমবার (৩ মার্চ) দুপুর ১২টা নিউ লাইফ হাসপাতালের চত্বরে বিশ্ব জন্মগত ত্রুটি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন স্মাইল ট্রেন নিউ লাইফ হাসপাতালের ক্লেফট প্রজেক্টের প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. বিজয় কৃষ্ণ দাস। তিনি বলেন, "বিশ্বে প্রতিদিন ৩-৪ শতাংশ শিশু কোনো না কোনো জন্মগত ত্রুটি নিয়ে জন্ম নিচ্ছে। এর ফলে প্রতি বছর ৩ লাখ নবজাতকের মৃত্যু হয়।"
তিনি আরও বলেন, "জন্মগত ত্রুটির ফলে শিশুদের শারীরিক বিকলাঙ্গতা, খাওয়ায় অসুবিধা, লেখাপড়ায় বাধা, সামাজিক অবহেলা ও অর্থনৈতিক সমস্যার মতো জটিলতা দেখা দেয়।"
জন্মগত ত্রুটির কারণ হিসেবে তিনি উল্লেখ করেন: অপরিকল্পিত গর্ভধারণ, গর্ভাবস্থায় অপুষ্টি ও রোগ, ফলিক অ্যাসিড ও ভিটামিনের ঘাটতি, মদ ও তামাক গ্রহণ, তেজস্ক্রিয়তার প্রভাব, বংশগত সমস্যা ও নিকটাত্মীয়ের মধ্যে বিয়ে
তবে তিনি কুসংস্কারের বিরুদ্ধে সতর্ক করে বলেন, "চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, মাছ-মাংস কাটা বা কারও অভিশাপ জন্মগত ত্রুটির জন্য দায়ী নয়। বরং সচেতনতাই পারে এটি প্রতিরোধ করতে।"
বাংলাদেশ শিশু সার্জারি সমিতির সাধারণ সম্পাদক ডা. নজরুল ইসলাম আকাশ বলেন, "জন্মগত ত্রুটি শনাক্ত হলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সরকার যদি জাতীয়ভাবে জন্মগত ত্রুটির রেজিস্ট্রার চালু করে, তাহলে এ সমস্যা আরও ভালোভাবে মোকাবিলা করা সম্ভব হবে।"
স্মাইল ট্রেন বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর এবিএম মোবাশ্বের হোসেন বলেন, "কাটা ঠোঁট ও ফাটা তালু অন্যতম সাধারণ জন্মগত ত্রুটি। বাংলাদেশে প্রতি ৫০০ শিশুর মধ্যে ১টি এই সমস্যায় ভুগছে। বছরে প্রায় ৫০০০-৬০০০ শিশু এভাবে জন্ম নেয়।"
বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সভাপতি জনাব মো. সবুজ আলী বলেন, "বিনামূল্যে জন্মগত কাটা ঠোঁট ও ফাটা তালুর চিকিৎসা সারা দেশে ছড়িয়ে দিতে পল্লী চিকিৎসকরা সর্বাত্মক সহযোগিতা করবে।"
নিউ লাইফ হাসপাতালের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ইফতেখার হোসাইনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক ডা. মাহাদী হাসান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. আসাদুজ্জামান।
আলোচনা শেষে বিশ্ব জন্মগত ত্রুটি দিবস উপলক্ষে হাসপাতালটির সামনে একটি সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/আশিক