পৌষের প্রথম সপ্তাহে শীতের তীব্রতা তেমন না থাকলেও মাঝামাঝি সময়ে এসে সারা দেশে ঘনকুয়াশার সঙ্গে অনুভূত হচ্ছে তীব্র শীত। অনেকটাই স্থবির হয়ে পড়েছে সারা দেশের জনজীবন। উত্তরাঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিম, মধ্যাঞ্চল থেকে রাজধানীসহ সবখানেই শীতের দাপট। বিশেষ করে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবীসহ নিম্ন আয়ের মানুষেরা। বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। এর সঙ্গে পড়বে ঘনকুয়াশা। এদিকে ঘনকুয়াশার কারণে শনিবার রাতে চাঁদপুর ও দেশের দক্ষিণাঞ্চলে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। গতকাল বেলা সাড়ে ১১টায় আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী সারা দেশের মধ্যে নিকলীতে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস উল্লেখ করা হয়। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে। সেখানে গতকালের তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর, রিকশাচালক, নির্মাণ শ্রমিক ও খেটে খাওয়া মানুষ, যাদের বেশির ভাগকেই খোলা আকাশের নিচে কাজ করতে হয়। আজও পরিস্থিতির পরিবর্তন তেমন হবে না উল্লেখ করে আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
উপকূলের আকাশে দেখা মেলেনি সূর্যের : কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি জানিয়েছেন, পটুয়াখালীর কলাপাড়ায় গত দুই দিন ধরে ভোর থেকে দুপুর পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। রবিবার সকাল থেকেই উপকূলের আকাশে সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশার কারণে দিনের বেলায়ও হেড লাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে যানবাহন।
৯ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌরুট স্বাভাবিক : মানিকগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌরুটে ৯ ঘণ্টা এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এ সময় পাটুরিয়া ও আরিচা প্রান্তে আটকা পড়া যানবাহনের যাত্রী ও শ্রমিকরা দুর্ভোগে পড়েন। এর আগে ঘনকুয়াশার কারণে শনিবার রাত ১০টা থেকে রবিবার সকাল ৭টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে একটি ফেরি মাঝ নদীতে নোঙর করতে বাধ্য হয়। অপরদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে শনিবার রাত ৯টা ৫০ মিনিট থেকে রবিবার ভোর সোয়া ৪টা পর্যন্ত বন্ধ ছিল। এ সময় চারটি ফেরি মাঝ নদীতে আটকে থাকে। বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম সালাম হোসেন জানান, ঘনকুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতেই ফেরি সাময়িক বন্ধ রাখা হয়েছিল।
কাঁপছে যমুনা পাড়ের মানুষ : সিরাজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জে সূর্যের দেখা নেই। কুয়াচ্ছন্নতায় ঢেকে পড়েছে প্রকৃতি। সেই সঙ্গে হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। প্রচণ্ড শীতে স্বাভাবিক কর্মজীবনে নেমে এসেছে স্থবিরতা। এদিকে, শীতজনিত রোগে প্রতিদিন শত শত রোগী হাসপাতালে ভিড় করছে। গতকাল সকাল থেকেই বইছে মৃদু হিমেল বাতাস বয়ে যাওয়ায় শীতে জবুথবু হয়ে পড়েছে মানুষ।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা নিকলীতে ৯ দশমিক ৮ ডিগ্নি : গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলী উপজেলায়। হাওড় অধ্যুষিত এই উপজেলায় সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। নিকলী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম মাছুম এ তথ্য নিশ্চিত করেছেন।
চুয়াডাঙ্গায় সারাদিনে দেখা মেলেনি সূর্যের : চুয়াডাঙ্গায় কুয়াশার চাদরে চারপাশ ঢাকা থাকায় দিনের আলোও দেখা যাচ্ছে না। গতকাল জেলার তাপমাত্রা নেমেছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।
কুড়িগ্রামে শৈত্য প্রবাহের আশঙ্কা : কুড়িগ্রাম প্রতিনিধি জানিয়েছেন, কুড়িগ্রামে ঘনকুয়াশা আর হিমেল হাওয়ায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়ে পড়েছে। গতকাল সকালে কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিস। আজ কালের মধ্যে শৈত প্রবাহ জেলার ওপর দিয়ে বয়ে যেতে পারে।
বরিশালে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা : বরিশাল প্রতিনিধি জানিয়েছেন, ঘনকুয়াশার কারণে ঢাকা-বরিশাল রুটসহ সারা দেশের নদী পথের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল সন্ধ্যা ৬টা থেকে চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে বলে বিআইডব্লিউটিএর বরিশাল নদীবন্দর নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানিয়েছেন।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।