বাংলাদেশ-চীন সমন্বিত কৌশলগত সহযোগিতার অংশীদারত্ব, এক চীন নীতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উচ্চতায় নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে উভয়পক্ষ। গতকাল বেইজিংয়ের দিয়াওউতাই স্টেট গেস্ট হাউসে দ্বিপক্ষীয় বৈঠকে এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়াবলি নিয়ে আলোচনা হয়েছে। বিস্তৃত আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়াবলির পাশাপাশি বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, যোগাযোগ, জনগণের সঙ্গে জনগণের সংযোগ এবং দ্বিপক্ষীয় বাণিজ্যকে কেন্দ্র করে ছিল তাদের আলোচনা।
বৈঠকের পর বাংলাদেশ প্রতিনিধিদলের জন্য নৈশভোজের আয়োজন করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
গতকাল সকালে চীনের পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের চেয়ারম্যান ওয়াং হুনিংয়ের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল। এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে উভয়পক্ষ ‘বাংলাদেশ-চীন সমন্বিত কৌশলগত সহযোগিতার অংশীদারত্ব’ এবং বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ ও উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
উভয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, বিনিয়োগ উন্নয়ন বোর্ডের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম।