প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশের সব বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনসহ দ্রুতগতির ট্রেনগুলোকে ফ্রি ওয়াই-ফাই সেবার আওতায় নিয়ে আসার লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
শনিবার সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ‘সবার জন্য ইন্টারনেট’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার মানুষের দোরগোড়ায় আধুনিক ইন্টারনেট সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এরই অংশ হিসেবে দেশের চারটি ট্রেনে সফলভাবে ইন্টারনেট সেবা চালু করা হয়েছে, যার মধ্যে দুটি ট্রেনই কক্সবাজার রুটের। এছাড়া সরকারি হাসপাতালগুলোতেও পর্যায়ক্রমে ফ্রি ওয়াই-ফাই সেবা চালুর কার্যক্রম চলমান রয়েছে।
মাছ ধরার ট্রলার ও জেলেদের নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, বঙ্গোপসাগরে জেলেদের নিরাপত্তার স্বার্থে স্যাটেলাইটের মাধ্যমে ট্রলারগুলোকে ইন্টারনেটের আওতায় আনা জরুরি। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
পর্যটন খাতের উন্নয়নে তিনি আরও বলেন, কক্সবাজারের পর্যটন কেন্দ্রগুলোকে ফ্রি ওয়াই-ফাইয়ের আওতায় আনার কাজ চলছে। বিদেশি পর্যটকদের স্বাগত জানাতে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। এছাড়া পর্যটন খাতে বিনিয়োগকারীদের জন্য সুযোগ-সুবিধা আরও সহজলভ্য করার উদ্যোগ নিয়েছে সরকার।
বিডি প্রতিদিন/এমআই