যুক্তরাষ্ট্রে এক সমাবেশে বিএনপি নেতা সাদেক হোসেন খোকা বলেছেন, র্যাব-পুলিশ এবং বিজিবি সরকারদলীয় পেটোয়া বাহিনীর পরিবর্তে নিরপেক্ষ ভূমিকায় অবতীর্ণ হলে ঢাকা সিটিকে আওয়ামী দস্যুদের কবল থেকে মুক্ত করতে ৩০ মিনিটের বেশী সময় লাগবে না। তিনি বলেন, এজন্য আমাকে সশরীরে ঢাকায় ফেরারও প্রয়োজন হবে না। এই নিউইয়র্ক থেকে একটি টেলিফোনই যথেষ্ট।
গত কয়েকমাস ধরে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। নিউইয়র্কে জাসাসের এক সমাবেশে তিনি কথাগুলো দেন।
ঢাকা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও ঢাকার সাবেক মেয়র খোকা বলেন, বর্তমানে পেট্রলবোমা হামলার সঙ্গেও আওয়ামী লীগের সন্ত্রাসীরাই জড়িত। সত্যিকারের তদন্ত হলেই তা ফাঁস হয়ে পড়বে।
নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবি মানতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে খোকা বলেন, জনসমর্থনহীন আইয়ুব-ইয়াহিয়ারাও বন্দুকের জোরে ক্ষমতা ধরে রাখতে পারেনি। শেখ হাসিনাও র্যাব-পুলিশ আর বিজিবি দিয়ে রক্ষা পাবেন না।
তিনি বলেন, সরকারকে বলতে চাই, এখনও সময় আছে সংলাপের মধ্য দিয়ে দেশবাসীর প্রত্যাশিত নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারিদের মতো করুণ পরিণতি আপনাদেরও বরণ করতে হবে।
ব্রুকলিনের গ্রিন পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র জাসাস আয়োজিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন আবু তাহের। বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র জাসাস সেক্রেটারি আব্দুর রহমান, বিএনপি নেতা আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ, মোস্তফা কামাল পাশা বাবুল, মো. বশির, জিসাস সভাপতি আবুল বাশার প্রমুখ।
সমাবেশে লতিফ সম্রাট বাংলাদেশে ২০ দলের আন্দোলনের সমর্থনে আগামী শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন। ওই সমাবেশ থেকে জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি দেওয়া হবে। এছাড়া ১৩ ফেব্রুয়ারি হোয়াইট হাউজ এবং স্টেট ডিপার্টমেন্টের সামনে বিক্ষোভের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামা এবং পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে স্মারকলিপি দিয়ে বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপের আহ্বানও জানাবে বিএনপি।
বিডি-প্রতিদিন/ ০২ ফেব্রুয়ারি, ২০১৫/ রশিদা