ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে নতুন ভেন্যু হিসেবে অভিষেক হচ্ছে বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট মাঠের। বসুন্ধরা স্পোর্টস সিটির আরেকটি স্টেডিয়াম বসুন্ধরা কিংস অ্যারেনা। কিংস অ্যারেনায় নিয়মিত ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। শুধু ঘরোয়া ফুটবল নয়, আন্তর্জাতিক ফুটবল ম্যাচও অনুষ্ঠিত হয় নিয়মিত। মাঠ দুটি পাশাপাশি। দেশের ক্রিকেটের সবচেয়ে ঐতিহ্যবাহী ঢাকা প্রিমিয়ার ক্রিকেট আজ মাঠে গড়াচ্ছে। প্রথমদিনেই মাঠে নামছে লিগের ১২ দল। বসুন্ধরা ক্রিকেট মাঠে আজ মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী ও নবাগত ঢাকা লিওপার্ডস। রানার্সআপ মোহামেডান খেলবে বিকেএসপি-৩ নম্বর মাঠে। ঐতিহ্যবাহী দলটির প্রতিপক্ষ সিটি ক্লাব। ইউল্যাব মাঠে মুখোমুখি হবে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও ব্রাদার্স ইউনিয়ন। পুবেরাগাঁও ক্রিকেট মাঠে খেলবে গুলশান ক্রিকেট ক্লাব ও বসুন্ধরা স্ট্রাইকার্স, ক্রিকেটার্স একাডেমি মাঠে মুখোমুখি হবে লিজেন্ডস অব রূপগঞ্জ ও রূপগঞ্জ টাইগার্স এবং বিকেএসপি-৪ নম্বর মাঠে খেলবে অগ্রণী ব্যাংক ও প্রাইম ব্যাক। খেলাগুলো শুরু হবে সকাল সাড়ে ৯টায়।
এখন প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। আজও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। বর্ষ মৌসুমে খেলা বলে বিসিবি এবার সিঙ্গেল লিগ আয়োজন করছে। কোনো সুপার লিগ নেই। তবে রেলিগেশন রয়েছে। এবার প্রিমিয়ার ক্রিকেট লিগ মাঠে গড়ানো নিয়ে সংশয় ছিল। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সময়ে নির্বাচনকে বিতর্কিত বলে নির্বাচন বর্জন করেছিল ৩৪ ক্লাব। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ খেলতে অস্বীকার করে ১২ ক্লাব। তৎকালীন বোর্ড প্রিমিয়ার ক্রিকেট আয়োজনের বারবার চেষ্টা করেছে। কিন্তু পারেনি। বুলবুলের বোর্ড ভেঙে দিয়ে তামিম ইকবালকে অ্যাডহক কমিটির প্রধান করায় ক্লাবগুলোতে প্রাণ ফিরে আসে। ক্লাবগুলো প্রিমিয়ার ক্রিকেট খেলতে সম্মত হয়। ১৮ ও ১৯ এপ্রিল ক্রিকেটাররা দল বদল করেন। বিসিবি ক্লাবগুলোর আর্থিক সহায়তা বাড়িয়ে দেন। প্রিমিয়ার ক্রিকেটের ক্লাবগুলো এখন ১৫ লাখ টাকার পরিবর্তে ২৫ লাখ টাকা পাবে। এ ছাড়া বিসিবি প্রধান মিডিয়ার মুখোমুখিতে স্পষ্ট করেই জানিয়েছেন, ক্রিকেটাররা যাতে তাদের চুক্তির শতভাগ টাকা পেয়ে যান, সেটার জন্য বিসিবি, ক্লাব ও ক্রিকেটারদের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির পরিকল্পনা করেছেন।
শিরোপা ধরে রাখতে শক্তিশালী দল গড়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, রাকিবুল জাসান, জাকের আলিসহ দলটিতে আরও রয়েছেন সৈয়দ খালেদ আহমেদ, সাব্বির রহমান, মাহিদুল ইসলাম অঙ্কন, জিসান আলম, এস এম মেহেরব, মাহফুজুর রহমান রাব্বিদের মতো ক্রিকেটার। দলটির অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত শিরোপা ধরে রাখতে চান, ‘এবারের লিগ সিঙ্গেল লিগ পদ্ধতির। দলগুলোর মধ্যে লড়াই হবে। বিদেশি ক্রিকেটার নেই। শিরোপা জিততে চাই আমরা। আমি মনে করি তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে এবার।’ ২০০৯ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান। গতবার রানার্সআপ। এবার শিরোপা জিততে শক্তিশালী দল গড়েছে মতিঝিলপাড়ার দলটি। দলে রয়েছে এনামুল হক বিজয়, পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী চৌধুরী, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাঈম আহমেদ, তাইবুর রহমান পারভেজ, রিপন মন্ডল, নাঈম শেখ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, তাওহিদ হৃদয়, আনিসুল ইসলাম ইমন, রনি তালুকদার, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফ উদ্দিন। বসুন্ধরা স্ট্রাইকার্সে খেলবে রাজিব দাস, আল আমিন, রুয়েল মিয়া, ইফরান হোসেন, নাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম বুলবুল, আসাদুজ্জান পায়েল, জায়েদ উল্লাহ, ইমরানউজ্জামান। ঢাকা লিওপার্ডসে উল্লিখিত ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মোহাম্মদ মিঠুন, সৈকত আলী, মুমিনুল হক, জাওয়াদ আবরার, আলাউদ্দিন বাবু, আরাফাত সানিদের মতো ক্রিকেটার। লিজেন্ডস অব রূপগঞ্জে খেলবেন মেহেদি হাসান মিরাজ, নাসুম বেগ, প্রাইম ব্যাংকে খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদ, অ্যালিস ইসলাম, আজিজুল হাকিম তামিম, আকবর আলী, আবু হায়দার রনি, তানজিদ তামিম, তানজিম সাকিবদের মতো ক্রিকেটার।