শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।
রবিবার দুপুরে বিভাগে দায়িত্ব হস্তান্তর ও নতুন দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী বিভাগীয় প্রধান মুহাম্মদ মিজানুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক আমিনা পারভীন, অধ্যাপক শফিকুর রহমান, অধ্যাপক আব্দুল জলিল, প্রভাষক তারিক এম. এ. কাইয়ুম ও ইফতেখার আহমেদ।
অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন। একই সঙ্গে নতুন বিভাগীয় প্রধানের কাছে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন তারা। শিক্ষকরা নতুন ও বিদায়ী বিভাগীয় প্রধানের সঙ্গে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন।
এর আগে গত ৬ মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মুহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়। আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয় আইনের প্রথম সংবিধির ৪(২) ধারানুসারে ৮ মে থেকে পরবর্তী তিন বছরের জন্য অধ্যাপক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, এ দায়িত্ব তার জন্য যেমন সম্মানের, তেমনি চ্যালেঞ্জেরও। বিভাগের গৌরবময় পথচলাকে আরও এগিয়ে নিতে তিনি কাজ করবেন বলে জানান। একই সঙ্গে শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় সমাজকর্ম বিভাগকে আরও উন্নত অবস্থানে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিডি-প্রতিদিন/এআইএস