সিলেট মহানগরীতে চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ অভিযানে গত ৩২ ঘণ্টায় ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামিসহ ১৪০ জনকে আটক করা হয়েছে।
রবিবার দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসএমপির মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটকদের মধ্যে ৫ জন ছিনতাইকারী, ৮ জন পরোয়ানাভুক্ত আসামি, ১১ জন মাদককারবারি, ৬ জন মাদকসেবী এবং ৪ জন জুয়াড়ি রয়েছেন। এছাড়া এজাহারনামীয় ৩২ জন ও নিয়মিত মামলার সন্দেহভাজন ৬ জনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযানে ২২ জন সন্দেহভাজন, চোর সন্দেহে ৫ জন, আইন অমান্যকারী ৫ জন হকার এবং মেট্রোপলিটন অধ্যাদেশে ৩৬ জনকে আটক করা হয়।
পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে সিলেট মহানগরীতে চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান পরবর্তী সময়ে আরও জোরদার করা হবে।
বিডি-প্রতিদিন/এমই