আগামী ১ জুলাই থেকে চট্টগ্রাম কাস্টম হাউসের দাপ্তরিক কার্যক্রম শুরু হচ্ছে নগরীর আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে নতুন ভবন নির্মিত না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির দাপ্তরিক কার্যক্রম এখান থেকে পরিচালিত হবে। ভবনটির মালিক চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
এ নিয়ে গতকাল মঙ্গলবার উভয় পক্ষের মধ্যে চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ১ লাখ ৫৬ হাজার ৬০০ বর্গফুট অফিস ও ৮ হাজার বর্গফুট গ্যারেজ স্পেস ব্যবহার করবে কাস্টম হাউস। চেম্বারের পক্ষে প্রশাসক ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. মোতাহার হোসেন এবং কাস্টম হাউসের পক্ষে কমিশনার মোহাম্মদ শফি উদ্দিন চুক্তিতে স্বাক্ষর করেন।
চেম্বার প্রশাসক মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন- চেম্বারের সাবেক সভাপতি ও থাইল্যান্ডের অনারারি কনসাল আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, কাস্টম হাউস কমিশনার মোহাম্মদ শফি উদ্দিন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট শেখ আবু ফয়সল মো. মুরাদ, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম সাইফুল আলম ও সাধারণ সম্পাদক শওকত আলী ।
চেম্বার সূত্র জানান, দেশের প্রথম ও একমাত্র এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নিউইয়র্কভিত্তিক ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত প্রতিষ্ঠান। প্রায় সাত লাখ বর্গফুটের আন্তর্জাতিক মানের ২৪ তলা ভবনটি আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত। যেখানে রয়েছে ১৪ টি লিফট, ৩টি বেইজমেন্টে, ২৫০ টি গাড়ি পার্কিং ও হেলিপ্যাড সুবিধা।
বিডি-প্রতিদিন/টিএ