মেডিপ্যাক টেকনোলজিস লিমিটেড ও অ্যাবট ডায়াগনস্টিকসের যৌথ উদ্যোগে ‘ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত স্বাস্থ্যসেবা পেশাজীবী, ল্যাবরেটরি বিশেষজ্ঞ, হাসপাতাল প্রশাসক এবং শিল্পখাতের প্রতিনিধিরা অংশ নেন।
‘উদ্ভাবনের মাধ্যমে স্বাস্থ্যসেবার অগ্রযাত্রা’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন অ্যাবটের কোর ডায়াগনস্টিকস বিভাগের ডিস্ট্রিবিউটর অপারেশন ম্যানেজার চন্দ্রেশ মাদানি এবং মেডিপ্যাক টেকনোলজিস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার শামসুদ্দিন জিয়া।
উদ্বোধনী বক্তব্যে তারা আধুনিক স্বাস্থ্যসেবায় ডিজিটাল রূপান্তর, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর সমাধানের গুরুত্ব তুলে ধরেন। শামসুদ্দিন জিয়া বলেন, ‘ডিজিটাল রূপান্তর ও ইন্টেলিজেন্ট ডায়াগনস্টিকসের মাধ্যমে স্বাস্থ্যসেবা খাত দ্রুত পরিবর্তিত হচ্ছে। ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬-এর মাধ্যমে আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে স্বাস্থ্যসেবা পেশাজীবীরা বৈশ্বিক উদ্ভাবনের সঙ্গে পরিচিত হতে পারবেন, জ্ঞান বিনিময় করতে পারবেন এবং বাংলাদেশের স্বাস্থ্যসেবার দক্ষতা, নির্ভুলতা ও রোগীসেবার মানোন্নয়নে সহায়ক প্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন।’
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাবটের মার্কেটিং ম্যানেজার (ডিএইচএস অ্যান্ড সিস্টেমস, কোর ডায়াগনস্টিকস) সিহি পার্ক, ডিজিটাল হেলথ সল্যুশনস এক্সিকিউটিভ ক্রিস্টিন গোপালাকৃষ্ণন এবং এভারকেয়ার হাসপাতাল ঢাকার সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. এস এম মাহবুবুল আলম।
বক্তারা ল্যাবরেটরি অটোমেশন, ডিজিটাল হেলথ সল্যুশনস, কানেক্টেড ডায়াগনস্টিকস এবং রোগীসেবার মান উন্নয়নে প্রযুক্তির ভূমিকা নিয়ে আলোচনা করেন। এ সময় অংশগ্রহণকারীরা ডায়াগনস্টিক প্রযুক্তি, ল্যাবরেটরি ইনফরমেটিক্স, ওয়ার্কফ্লো অপটিমাইজেশন এবং ডিজিটাল হেলথকেয়ারের সর্বশেষ উদ্ভাবন সম্পর্কে জানার সুযোগ পান।
আয়োজকরা জানান, অনুষ্ঠানটি স্বাস্থ্যসেবা খাতের পেশাজীবীদের জন্য জ্ঞান বিনিময়, মতবিনিময় ও নেটওয়ার্কিংয়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। পাশাপাশি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো কীভাবে উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে দক্ষতা বৃদ্ধি, মান নিয়ন্ত্রণ জোরদার এবং উন্নত ক্লিনিক্যাল সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করতে পারে, সে বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সমাপনী বক্তব্যে মেডিপ্যাক টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিজামউদ্দিন হাসান রশিদ অনুষ্ঠানের বক্তা, অংশগ্রহণকারী ও সহযোগীদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ নির্ভর করছে ইন্টেলিজেন্ট ডায়াগনস্টিকস, ডিজিটাল কানেক্টিভিটি এবং ধারাবাহিক উদ্ভাবনের ওপর। ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬-এর মতো উদ্যোগের মাধ্যমে আমরা বৈশ্বিক স্বাস্থ্যসেবা প্রযুক্তির অগ্রগতিকে বাংলাদেশের বাস্তব চাহিদার সঙ্গে সংযুক্ত করতে চাই, যাতে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো আরও দক্ষ, নির্ভুল ও রোগীকেন্দ্রিক সেবা প্রদান করতে পারে।’
অনুষ্ঠানের মাধ্যমে মেডিপ্যাক টেকনোলজিস লিমিটেড এবং অ্যাবট ডায়াগনস্টিকস উদ্ভাবননির্ভর, স্মার্ট ও সংযুক্ত স্বাস্থ্যসেবা ব্যবস্থার বিকাশে তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
বিডি-প্রতিদিন/জেডআর