ফরিদপুরের মধুখালীতে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি রাশেদ মোল্লা আদালতে উপস্থিত ছিলেন। রাশেদ মধুখালী উপজেলার গদাধরদী গ্রামের কোহেল ঠাকুরের ছেলে। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, রাশেদ মোল্লা যৌতুকের জন্য স্ত্রীকে মাঝেমধ্যেই মারধর করতেন। ২০১৬ সালের ২১ মার্চ রাশেদ যৌতুকের জন্য স্ত্রীকে মারধর করে গলায় ওড়না প্যাঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মধুখালী থানায় মামলা করেন। পিপি গোলাম রব্বানী রতন এ তথ্য নিশ্চিত করেছেন।