মার্কিন তুলা ও Man-Made Fibre (MMF) ব্যবহারকারী বাংলাদেশি পোশাকের জন্য যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত সুবিধা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল ।
সম্প্রতি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির ধারা ৫.৩ দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
উক্ত ধারার আওতায় বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত তুলা ও MMF ব্যবহার করে তৈরি পোশাক উৎপাদন করে এবং তা যুক্তরাষ্ট্রে রপ্তানি করে, তবে সেই পণ্য শুল্কমুক্ত সুবিধা পাওয়ার কথা। এ সুবিধা কার্যকর হলে বাংলাদেশের রপ্তানিকারকরা যুক্তরাষ্ট্রের বাজারে আরও প্রতিযোগিতামূলক অবস্থানে যেতে পারবেন এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের তুলা ও MMF রপ্তানিও বৃদ্ধি পাবে ।
বস্ত্র শিল্পমালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি উল্লেখ করেন, চুক্তি স্বাক্ষরের পরও এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় শিল্প উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই প্রয়োজনীয় নীতিগত ও প্রশাসনিক পদক্ষেপ দ্রুত গ্রহণ করা জরুরি ।
এ বিষয়ে অগ্রগতি ত্বরান্বিত করতে আগামী ২৪ ও ২৫ জুন বিটিএমএ’র সঙ্গে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এবং USTR প্রতিনিধিদের পৃথক দু’টি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিটিএমএ আশা করছে, এসব বৈঠকে ধারা ৫.৩ বাস্তবায়নের রূপরেখা ও করণীয় বিষয়ে ফলপ্রসূ আলোচনা হবে এবং দীর্ঘদিনের প্রত্যাশিত সুবিধা কার্যকরে ইতিবাচক অগ্রগতি অর্জিত হবে ।
বিটিএমএ’র মতে, মার্কিন তুলা ও MMF ভিত্তিক সমন্বিত সরবরাহ ব্যবস্থা গড়ে উঠলে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বৃদ্ধি পাবে এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে টেকসই, ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক লাভজনক বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হবে ।
বিডি-প্রতিদিন/বিএম