ভেনেজুয়েলা ঘিরে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর তীব্র সমালোচনা করেছে চীন।
মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে চীনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপ লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে উত্তেজনা বাড়াচ্ছে এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।
জাতিসংঘে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি সান লেই বলেন, মাদক পাচার দমনের অজুহাতে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার উপকূলসংলগ্ন ক্যারিবীয় জলসীমায় সামরিক মোতায়েন বাড়িয়ে চলেছে। তার মতে, যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ড ও বক্তব্যের ফলে পুরো অঞ্চলে টানাপোড়েন তৈরি হয়েছে, যা গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে আঞ্চলিক দেশগুলো ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে।
সান লেই অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপ অন্য দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও বৈধ উন্নয়ন স্বার্থকে মারাত্মকভাবে লঙ্ঘন করছে। তিনি বলেন, এসব কর্মকাণ্ড গুরুতরভাবে ভঙ্গ করছে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনকে এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের বিরুদ্ধে বিরোধিতা ক্রমেই বাড়ছে। অঞ্চলটির ভেতরে ও বাইরে আরও বেশি দেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে মার্কিন কর্মকাণ্ড নিয়ে। একইসঙ্গে তীব্র নিন্দাও জানাচ্ছে।
ভেনেজুয়েলার সার্বভৌম অধিকার প্রসঙ্গে চীনের এই প্রতিনিধি বলেন, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভেনেজুয়েলার নিজস্ব পররাষ্ট্রনীতি নির্ধারণ এবং অন্যান্য দেশের সঙ্গে পারস্পরিক লাভজনক সহযোগিতা গড়ে তোলার অধিকার রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ভেনেজুয়েলার এই বৈধ অধিকার ও স্বার্থকে সম্মান ও সমর্থন করা।
সান লেই জোর দিয়ে বলেন, চীন সব ধরনের একতরফা সিদ্ধান্ত ও দমনমূলক আচরণের বিরোধিতা করে এবং সব দেশের সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা রক্ষার পক্ষে অবস্থান নেয়। তিনি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ বা তার হুমকির বিরোধিতা করেন এবং যে কোনও অজুহাতে ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে বহিরাগত হস্তক্ষেপ প্রত্যাখ্যান করেন।
এছাড়া আন্তর্জাতিক আইন বা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া আরোপিত একতরফা নিষেধাজ্ঞা ও তথাকথিত ‘দীর্ঘ-হস্ত বিচারব্যবস্থা’রও বিরোধিতা করেন তিনি। উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে সান লেই যুক্তরাষ্ট্রকে অবিলম্বে সংশ্লিষ্ট কর্মকাণ্ড বন্ধ করার এবং পরিস্থিতি আরও জটিল না করার অনুরোধ জানান। একই সঙ্গে তিনি অবৈধ একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা আনতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। সূত্র: আনাদোলু এজেন্সি
বিডি প্রতিদিন/একেএ