ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শেষ হয়েছে বলে দাবি করেছেন মার্কিন রিপাবলিকান দলের সিনেটর মাইক লি। তিনি বলেছেন, বামপন্থী নেতা ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার পরই এই অভিযান বন্ধ করা হয়েছে।
ইউটাহ অঙ্গরাজ্যের এই সিনেটর জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনে কথা বলার পর তিনি এ তথ্য পেয়েছেন। রুবিওর বক্তব্য উদ্ধৃত করে মাইক লি বলেন, মাদুরো এখন যুক্তরাষ্ট্রের হেফাজতে থাকায় ভেনেজুয়েলায় নতুন করে আর কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হবে না বলে আশা করা হচ্ছে।
বার্তা সংস্থা এএফপি জানায়, শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাইক লি এসব কথা লেখেন। সেখানে তিনি উল্লেখ করেন, অভিযানের মূল লক্ষ্য ছিল মাদুরোকে আটক করা। সেই লক্ষ্য পূরণ হওয়ায় অভিযান শেষ হয়েছে বলে তিনি মনে করছেন।
এই ঘোষণার মাধ্যমে ভেনেজুয়েলাকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনা কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো ভেনেজুয়েলা সরকার বা দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এই অভিযান এবং মাদুরো আটক হওয়ার দাবি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন প্রশ্ন তুলেছে। বিশেষ করে অভিযানটি কতটা বৈধ ছিল এবং ভবিষ্যতে ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাবে, তা নিয়ে আলোচনা চলছে।
বিডিপ্রতিদিন/কবিরুল