ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভকে অপহরণ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন।
গত বুধবার এক বিবৃতিতে জেলেনস্কি দাবি করেন, কাদিরভকে আটক করা হলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কঠোর বার্তা দেয়া হবে। ফলে চলমান ইউক্রেন সংঘাত দ্রুত নিরসনে সহায়ক হবে।
জেলেনস্কি যুক্তি দেখান, রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর চাপ আরও বাড়ানো প্রয়োজন এবং কাদিরভকে লক্ষ্য করে এ ধরনের কোনো অভিযান চালালে ক্রেমলিন আলোচনার টেবিলে বসতে বাধ্য হতে পারে।
এই প্রসঙ্গে জেলেনস্কি ভেনেজুয়েলায় সাম্প্রতিক মার্কিন অভিযানের প্রশংসা করেন এবং নিকোলাস মাদুরোকে যেভাবে আটক করা হয়েছে, ঠিক একই কায়দায় কাদিরভের বিরুদ্ধে অপারেশন চালানোর পরামর্শ দেন। তিনি মনে করেন, মাদুরোর ক্ষেত্রে মার্কিন কৌশল যেভাবে সফল হয়েছে, রাশিয়ার ক্ষেত্রেও তেমন পদক্ষেপ নিলে পুতিন যুদ্ধের বিষয়ে পুনরায় চিন্তা করতে বাধ্য হবেন।
এদিকে জেলেনস্কির এই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন চেচেন নেতা রমজান কাদিরভ। নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় কাদিরভ জেলেনস্কিকে একজন ‘ভাঁড়’ হিসেবে আখ্যায়িত করেন। তাকে ‘পুরুষোচিত’ আচরণের পরামর্শ দেন। কাদিরভ বলেন, জেলেনস্কি নিজে কিছু করার সাহস না দেখিয়ে কাপুরুষের মতো আমেরিকানদের পেছনে লুকিয়ে রয়েছেন। তিনি অভিযোগ করেন, জেলেনস্কি শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার পরিবর্তে পরিস্থিতি আরও জটিল করার চেষ্টা করছেন। কাদিরভের মতে, জেলেনস্কি নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে অন্যদের দিয়ে বিপজ্জনক কাজ করাতে চাইছেন যা অত্যন্ত লজ্জাজনক। তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ইউক্রেনীয় নেতার যদি সত্যিই কোনো সক্ষমতা থাকে, তবে যেন অন্যের ওপর নির্ভর না করে নিজেই লড়াইয়ে নামেন।
বিডি প্রতিদিন/নাজমুল