পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছর ১৪৩৩-কে স্বাগত জানিয়ে পশ্চিমবঙ্গ জুড়ে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে পহেলা বৈশাখ। শুধু পশ্চিমবঙ্গেই নয়, ভারতের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলা ভাষাভাষী মানুষও নানা আয়োজনে বর্ষবরণে মেতে উঠেছেন।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশ নিচ্ছেন ঐতিহ্যবাহী এই উৎসবে। নতুন বছরের শুরুতে হালখাতা খোলা, নতুন পোশাক পরা, মিষ্টিমুখ—সব মিলিয়ে উৎসবের আনন্দে ভাসছে জনজীবন। নির্বাচনী আবহ থাকলেও বর্ষবরণের আমেজে তার কোনো প্রভাব পড়েনি।
ভোর থেকেই কলকাতাসহ রাজ্যের বিভিন্ন মন্দিরে পূজারিদের ভিড় লক্ষ্য করা গেছে। কালীঘাট মন্দির, দক্ষিণেশ্বর মন্দির, তারাপীঠসহ বিভিন্ন পূজাস্থলে নতুন বছরের মঙ্গল কামনায় প্রার্থনা করেন ভক্তরা। অনেক বাড়িতেও লক্ষ্মী-গণেশের পূজার আয়োজন করা হয়।
নববর্ষ উপলক্ষে বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় বাঙালি ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করা হয়েছে। মেনুতে স্থান পেয়েছে মোচার ঘন্ট, শুক্ত, চিংড়ির মালাইকারি, রসগোল্লা, সন্দেশসহ নানা পদ।
এদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর স্মৃতিবিজড়িত জোড়াসাঁকো ঠাকুরবাড়ি এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে গান, নাচ ও আবৃত্তির মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠান পালিত হচ্ছে।
নববর্ষ উপলক্ষে শহরের পার্কস্ট্রিট এলাকা থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, যা রবীন্দ্রসদন চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, নৃত্য ও সংগীত পরিবেশনের আয়োজন করা হয়েছে। পাশাপাশি বৈশাখী খাবারেরও আয়োজন রয়েছে।
অন্যদিকে ‘মঙ্গল শোভাযাত্রা গবেষণা ও প্রসার সমিতি’র উদ্যোগে দক্ষিণ কলকাতায় অনুষ্ঠিত হয় মঙ্গল শোভাযাত্রা। এতে মুখোশ, প্রতীকী প্রাণীর অবয়ব ও নানা শিল্পকর্মের মাধ্যমে বাঙালির ঐতিহ্য তুলে ধরা হয়।
নববর্ষকে ঘিরে রাজনৈতিক নেতারাও সক্রিয় ছিলেন। বিভিন্ন প্রার্থী সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার পাশাপাশি জনসংযোগ চালান। এদিন মদন মিত্র নিজ হাতে রান্না করে কর্মীদের আপ্যায়ন করেন। অন্যদিকে সায়নদীপ মিত্র প্রভাতফেরির মাধ্যমে প্রচারণায় অংশ নেন।
এদিকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মমতা ব্যানার্জি আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, বাংলার ঐতিহ্য ও সম্প্রীতি রক্ষা করতে তার নেতৃত্বাধীন সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে।
তিনি আরও বলেন, “মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক প্রকল্প চালু করা হয়েছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে জনগণের সমর্থন প্রয়োজন।” পাশাপাশি তিনি ভোটারদের উদ্দেশে দলীয় প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/এনআরএইচ