সৌদি আরবের মদিনায় বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে চালু করা হলো নতুন আরেকটি বিমানবন্দর। প্রিন্স মোহম্মদ বিন আব্দুল আজিজ নামে আন্তর্জাতিক বিমানবন্দরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ।
জানা গেছে,পবিত্র হজ মৌসুম উপলক্ষে নতুন এই বিমানবন্দরটি চালু করল সৌদি সরকার। সম্পূর্ণরূপে বেসরকারি খাতে নির্মিত ও পরিচালিত সৌদি আরবের প্রথম এই বিমানবন্দরটি তৈরি করতে ব্যয় হয়েছে ১২০ কোটি ডলার। ৪০ লক্ষ স্কয়ার মিটার জায়গা নিয়ে নির্মিত এ বিমানবন্দরটি বছরে প্রথম ধাপে বছরে ৮০ লাখ যাত্রীকে সেবা দিতে পারবে। দ্বিতীয় ধাপে তা উন্নীত হবে ১ কোটি ৮০ লাখে এবং তৃতীয় ও শেষ ধাপে সেবা দিতে সক্ষম হবে প্রায় ৪ কোটি যাত্রীকে।
উল্লেখ্য, ১ লক্ষ ৫৫ হাজার স্কয়ার মিটার জায়গা নিয়ে নির্মিত মূলভবনটিতে রয়েছে ৭২টি চেক-ইন কাউন্টার, ২৪টি সেলফ চেক-ইন সার্ভিস কাউন্টার, ২৬টি পাসপোর্ট কাউন্টার (আগমণ), ২৬টি পাসপোর্ট কাউন্টার (বহিঃগমণ), ৩৬টি এলিভেটর, ২৮টি এসকেলেটর এবং ২৩টি কনভেয়র বেল্ট।
এ ছাড়া বিমানবন্দরটিতে আন্তর্জাতিক মানের টোল-ফ্রি শপ, রেস্টুরেন্ট, ক্যাফে, ব্যাংকিং ও পরিবহন সুবিধা রয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৭ জুলাই, ২০১৫/ রশিদা