মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন উইলেম মাইবার্গ। সেটিও আবার ওয়ানডে। এখন পর্যন্ত স্বীকৃত কোনো টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা হয়নি তার। সেই তাকেই এই সংস্করণের বিশ্বকাপ দলে রেখেছে নামিবিয়া।
ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শনিবার ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে নামিবিয়া। এনিয়ে টানা চতুর্থবার বিশ্বকাপ খেলতে যাচ্ছে দলটি। আগের তিনবারের মতো এবারও তাদেরকে নেতৃত্ব দেবেন ৩০ বছর বয়সী গেরহার্ড এরাসমাস।
অভিজ্ঞ ও নতুনের মিশেলে এবারের দল সাজিয়েছে নামিবিয়া। সবশেষ আসরের স্কোয়াড থেকে ১০ জনকে রেখেছে তারা। প্রথমবার বৈশ্বিক আসরে খেলার হাতছানি লরেন স্টিনক্যাম্প, জেসি বেল্ট, মাইবার্গ ও ম্যাক্স হেইঙ্গোর সামনে। গত আসরে অভিজ্ঞ নিকোল লিফটি-ইটনকে না রেখে চমকে দিয়েছিল নামিবিয়া। এবার এই অলরাউন্ডারকে দলে রেখেছে তারা।
স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা মাইবার্গ গত অগাস্টে কানাডার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন। ওই ম্যাচে রানের খাতা খুলতে পারেননি তিনি। চলতি বছর প্রথম শ্রেণির ক্রিকেটে পা রাখেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। এখন পর্যন্ত একটি করে ওয়ানডে ও প্রথম শ্রেণির ম্যাচের অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপে খেলতে যাচ্ছেন মাইবার্গ।
ডানহাতি পেসার হেইঙ্গো আন্তর্জাতিক ক্রিকেটে কেবল একটি ম্যাচই খেলেছেন; গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই টি-টোয়েন্টি ম্যাচে ২ উইকেট নেন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে ১০ ম্যাচ খেলে তার শিকার ১০ উইকেট। মিডল অর্ডার ব্যাটসম্যান জেসি বেল্ট এখন পর্যন্ত ছয়টি টি-টোয়েন্টি খেলেছেন নামিবিয়ার হয়ে। তিনটি ওয়ানডে খেলার অভিজ্ঞতাও আছে ২২ বছর বয়সী এই ক্রিকেটাররের।
স্টিনক্যাম্প সাতটি টি-টোয়েন্টি খেলে এক ফিফটিতে করেছেন ১৩৭ রান। স্বীকৃত টি-টোয়েন্টিতে ২০ ম্যাচ খেলে এই টপ অর্ডার ব্যাটসম্যানের ফিফটি ওই একটিই। টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে পড়েছে নামিবিয়া। সেখানে তাদের অন্য দুই প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। আগামী ১০ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে নামিবিয়া।
টি-টোয়েন্টি বিশ্বকাপের নামিবিয়া দল: গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), জেন গ্রিন, বের্নার্ড শুলজ, রুবেন ট্রাম্পেলমান, জেজে স্মিট, ইয়ান ফ্রাইলিঙ্ক, লরেন স্টিনক্যাম্প, মালান ক্রুগার, নিকোল লফটি-ইটন, জ্যাক ব্র্যাসেল, বেন শিকঙ্গো, জেসি বেল্ট, ডিলান লিচার, উইলেম মাইবার্গ, ম্যাক্স হেইঙ্গো।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ