ধীরগতির ব্যাটিংয়ের কারণে বিগ ব্যাশ লিগে (বিবিএল) এক বিরল ও বিব্রতকর ঘটনার মুখে পড়েছেন পাকিস্তানের তারকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। সিডনি থান্ডারের বিপক্ষে ম্যাচে মেলবোর্ন রেনেগেডসের ইনিংস চলাকালে তাঁকে ‘রিটায়ার্ড আউট’ করে মাঠ থেকে তুলে নেওয়া হয়।
রোববার ম্যাচের ১৮তম ওভারে এই ঘটনা ঘটে। তখন রেনেগেডসের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৫৪ রান। ২৩ বলে ২৬ রান করা রিজওয়ানের ইনিংসে ছিল দুটি চার ও একটি ছক্কা। তবে তাঁর স্ট্রাইক রেট ছিল মাত্র ১১৩, যা শেষের ওভারগুলোতে দলের প্রয়োজন অনুযায়ী যথেষ্ট দ্রুত ছিল না।
ম্যাচ চলাকালেই ধারাভাষ্যকাররা মন্তব্য করেন, রিজওয়ানকে আরও আগে রিটায়ার্ড আউট করা হলে রেনেগেডস বড় সংগ্রহ গড়ার সুযোগ পেতে পারত। ধীরগতির ব্যাটিংয়ে দল চাপের মুখে পড়ে বলে মত দেন অনেকে। শেষ পর্যন্ত অধিনায়ক উইল সাদারল্যান্ড ইঙ্গিত দিলে রিজওয়ান মাঠ ছাড়েন এবং ড্রেসিংরুমে ফিরে যান। এর মধ্য দিয়ে বিবিএলের ইতিহাসে প্রথম বিদেশি ব্যাটার হিসেবে রিটায়ার্ড আউট হওয়ার নজির গড়েন তিনি।
রিজওয়ানের বিদায়ের পরও রেনেগেডস প্রত্যাশিত বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে দলটির রান হয় ৮ উইকেটে ১৭০। পরে বৃষ্টির কারণে ম্যাচটি ১৬ ওভারে নামিয়ে আনা হলে সিডনি থান্ডারের লক্ষ্য নির্ধারণ করা হয় ১৪০ রান। লক্ষ্য তাড়া করতে নেমে থান্ডার ১৫.২ ওভারে ৪ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে।
এটি রিজওয়ানের প্রথম বিগ ব্যাশ মৌসুম। তবে পুরো টুর্নামেন্টজুড়েই রান তুলতে লড়াই করতে দেখা গেছে পাকিস্তানের এই উইকেটকিপার-ব্যাটারকে। এখন পর্যন্ত ৮ ম্যাচে তাঁর সংগ্রহ মাত্র ১৬৭ রান, স্ট্রাইক রেট ১০০-এর সামান্য বেশি।
চলতি বিবিএলে এটি দ্বিতীয়বার কোনো ব্যাটারকে রিটায়ার্ড আউট করার ঘটনা। এই সিদ্ধান্ত টি–টোয়েন্টি ক্রিকেটে দলীয় কৌশল ও স্ট্রাইক রেটের গুরুত্ব নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।
বিডি প্রতিদিন/মুসা