ফিফা সভায় যোগ দিতে ব্রিটিশ কলম্বিয়ার ভ্যাঙ্কুভারে থাকাকালীন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে পুলিশি নিরাপত্তা দেওয়ার একটি অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে।
ফিফা সভাপতি নিরাপত্তার জন্য চতুর্থ স্তরের মোটরকেড এসকর্ট দেওয়ার অনুরোধ করেছিলেন। এতে ইনফান্তিনোর গাড়িবহরকে যান চলাচল থামানো এবং লাল বাতি উপেক্ষা করে যাওয়ার ক্ষমতা দেওয়ার সুবিধা আওতায় ছিল। কানাডা সফরের সময় একজন মার্কিন প্রেসিডেন্টও এমন ব্যবস্থা পেয়ে থাকেন।
স্থানীয় সময় বুধবার (২৯ এপ্রিল) ভ্যাঙ্কুভার পুলিশ বিভাগ অনুরোধ প্রত্যাখ্যানের বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির ডেপুটি চিফ ডন চ্যাপম্যান এক বিবৃতিতে বলেন, যানবাহন থামিয়ে আনুষ্ঠানিক গাড়িবহর শুধু রাষ্ট্রপ্রধানদের জন্যই সংরক্ষিত। তিনি বলেন, যেহেতু ফিফা নির্বাহী আন্তর্জাতিকভাবে সুরক্ষিত ব্যক্তি (আইপিপি) হওয়ার মানদণ্ড পূরণ করেন না, যা এই ধরনের নিরাপত্তা ব্যবস্থার জন্য প্রয়োজন, তাই অনুরোধটি প্রত্যাখ্যান করা হয়েছে।
ফিফার একজন মুখপাত্র ইএসপিএন-কে বলেন, ফিফা প্রেসিডেন্টের জন্য কখনই কোনো নির্দিষ্ট স্তরের পুলিশি মোটরকেডের অনুরোধ করেনি। ৭৬তম ফিফা কংগ্রেসের জন্য তার পরিবহন ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের কাছে করা কোনো অনুরোধ সম্পর্কে ফিফা প্রেসিডেন্ট অবগত ছিলেন না বা এতে জড়িতও ছিলেন না।
তিনি আরও বলেন, এই ধরনের অনুষ্ঠানের জন্য পূর্ববর্তী ব্যবস্থা অনুযায়ী স্থানীয় আয়োজক হিসেবে এফডব্লিউসি২৬ কানাডা সকল প্রতিনিধি, অতিথি এবং অংশীজনদের সহায়তার জন্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিল।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত বিশ্বকাপকে সামনে রেখে এই সপ্তাহে ভ্যাঙ্কুভারে বৈঠক করছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। এতে ফিফার কংগ্রেস যা এর সকল সদস্য প্রতিনিধিদের অংশগ্রহণে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এই সপ্তাহে ফিফার পক্ষ থেকে ইতোমধ্যেই বেশ কিছু তৎপরতা দেখা গেছে। বিশ্বকাপে একাধিক হলুদ কার্ড পাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞার নিয়মে পরিবর্তন আনা হয়েছে।এছাড়াও আসরে অংশ নেওয়া দলগুলোর জন্য অতিরিক্ত পুরস্কারের অর্থ নিশ্চিত করা হয়েছে এবং নির্বাসিত আফগান নারী দলকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফেরার যোগ্যতা দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/আরকে