সূর্যের প্রখর তাপ আর ঘাম ঝরানো গরমে আমরা সবাই কমবেশি বিধ্বস্ত। কিন্তু আমরা কি জানি, সাধারণ ‘সানবার্ন’ আর বিপজ্জনক ‘সান পয়জনিং’ এক নয়? নিজের ত্বককে ভালোবাসা ও আগলে রাখার মন্ত্র নিয়ে বিশেষ ফিচার- রোদের বিষ বনাম ত্বকের মায়া আর সান পয়জনিং থেকে মুক্তি এবং যত্ন।
সানবার্ন বনাম সান পয়জনিং
রাস্তায় বেরোলে মনে হয় আকাশ থেকে আগুন ঝরছে। দীর্ঘক্ষণ রোদে থাকলে ত্বকে কালচে ছোপ পড়া বা ট্যান হওয়া খুবই স্বাভাবিক। একে আমরা বলি সানবার্ন। এতে বড়জোর একটু জ্বালাপোড়া বা ঘামাচি হয়, যা সপ্তাহখানেকের মধ্যে ঠিক হয়ে যায়। কিন্তু বিপদ যখন গভীর হয়, তখন তাকে বলে সান পয়জনিং। এটি কেবল চামড়া পোড়া নয়, বরং অতিবেগুনি রশ্মি ত্বকের এক বিষক্রিয়া।
চেনার উপায় কী?
অনেকে সানবার্ন ও সান পয়জনিংকে গুলিয়ে ফেলেন, কিন্তু এদের মধ্যে পার্থক্য আকাশ-পাতাল। সানবার্নের ক্ষেত্রে ত্বকে কালচে ছোপ বা হালকা লালচে ভাব দেখা দেয়, যা সাময়িক জ্বালাপোড়া বা চুলকানি সৃষ্টি করে; সাধারণত তিন থেকে সাত দিনের মধ্যেই এই অস্বস্তি কেটে যায়। অন্যদিকে সান পয়জনিং বেশি ভয়াবহ। এতে ত্বকের রং গাঢ় লাল হয়ে র্যাশ দেখা দেয়, এমনকি চামড়া উঠে গিয়ে ফোস্কাও পড়তে পারে। অনেক ক্ষেত্রে শরীরে জ্বর, তীব্র মাথাব্যথা, বমি ভাব এবং ডিহাইড্রেশনের মতো সমস্যা দেখা দেয়। আর হ্যাঁ, এটি ভবিষ্যতে চর্মরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। বিশেষ করে ২০ থেকে ৪০ বছর বয়সি নারীদের ক্ষেত্রে ‘পলিমরফাস লাইট ইরাপশন’ নামক চর্মরোগ দেখা দিতে পারে।
রোদ থেকে বাঁচার ‘তাৎক্ষণিক’ কবজ
• রোদ থেকে ফিরেই ঠান্ডা পানি দিয়ে গোসল করে নিন। এটি শরীরের তাপমাত্রা স্বাভাবিক করতে সাহায্য করবে।
• অ্যালোভেরা জেল এবং গোলাপজলের মিশ্রণ ত্বকে ম্যাসাজ করুন। এটি প্রাকৃতিক শীতলকারক হিসেবে কাজ করে।
• যেখানে লালচে দাগ বা চুলকানি বেশি, সেখানে আলতো করে বরফ ঘষুন। এতে ফোস্কা পড়ার ঝুঁকি কমে।
• ঘাম ভেজা কাপড় বদলে ফেলুন। প্রতিদিন ব্যবহার করা তোয়ালে পরিষ্কার রাখুন।
• আর হ্যাঁ, আঁটসাঁট সিনথেটিক কাপড় এড়িয়ে হালকা রঙের সুতির পোশাক পরুন।
শুধু উজ্জ্বলতা নয়, চাই গভীর মমতা
ত্বকের যত্ন মানে কেবল ফর্সা হওয়া নয়, বরং নিজের অস্তিত্বের প্রতিটি রেখা ও গল্পকে ভালোবেসে তাকে সুস্থ রাখা। বয়সের ছাপ বা মাতৃত্বের চিহ্ন- সবই আপনার জীবনের অংশ। তবে বিজ্ঞানসম্মত উপায়ে ত্বককে পুনরুজ্জীবিত করুন।
আধুনিক রূপচর্চার বিজ্ঞান
• ট্রাইহেক্স প্রযুক্তি : অ্যালাস্টিন স্কিনকেয়ার ফর্মুলা ক্ষতিগ্রস্ত টিস্যু পরিষ্কার করে আপনার ত্বককে ভিতর থেকে টানটান করে।
• ফার্মিং ও টোনিং : যারা বয়সের কারণে ত্বকের ঝুলে যাওয়া ভাব নিয়ে চিন্তিত, তাদের জন্য স্কিনমেডিকা লোশন এক আশীর্বাদ। এটি ত্বকের টেক্সচার উন্নত করে থাকে।
• গলা ও ঘাড়ের যত্ন : আমরা প্রায়ই গলার ভাঁজ অবহেলিত রাখি। রিভিশন স্কিনকেয়ারের মতো পেপটাইড সমৃদ্ধ ক্রিমগুলো এই স্পর্শকাতর অংশের স্থিতিস্থাপকতা ফিরিয়ে আনে।
• ক্যাফেইনের জাদু : ত্বকের ফোলাভাব কমাতে এবং রক্ত সঞ্চালন বাড়াতে ক্যাফেইন সমৃদ্ধ বডি ক্রিম দারুণ কার্যকর, যা ত্বককে দেয় রেশমি কোমল এক অবয়ব।
মনে রাখবেন, ত্বক স্পর্শকাতর- তাই অবহেলা নয়, যত্ন হোক নিয়মিত।
লেখা : সাদিয়া সারা