মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী শপথ গ্রহণ শেষে এই প্রথম এলাকায় এসেছেন। রবিবার দুপুরে শ্রীমঙ্গল চৌমুহনায় নির্ধারিত পথসভা বাতিল করে তিনি ছুটে যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। দলীয় নেতাকর্মীদের বাইরে রেখে তিনি একাই ভেতরে প্রবেশ করেন। ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন। জানতে চান তাদের অভিজ্ঞতা, অভিযোগ ও প্রত্যাশার কথা। এ সময় তিনি রোগীদের মাঝে এক প্যাকেট করে গরুর দুধ বিতরণ করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলে জনবল সংকট, পর্যাপ্ত শয্যার অভাব, চিকিৎসা সরঞ্জামের সীমাবদ্ধতার কথা জেনে নেন।
পরিদর্শন শেষে মুজিবুর রহমান চৌধুরী এমপি বলেন, “এই এলাকার মানুষের ভালোবাসা ও ভোটেই আমি সংসদ সদস্য হয়েছি। তাই দায়িত্ব নেওয়ার পর প্রথম কাজ হিসেবে তাঁদের সেবার জায়গাগুলো দেখতে চেয়েছি। হাসপাতালে এসে দেখলাম কিছু সীমাবদ্ধতা রয়েছে। সংকট দূর করার বিষয়ে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের মানুষ যেন মানসম্মত স্বাস্থ্যসেবা পায়, সেটি নিশ্চিত করাই আমার লক্ষ্য।
পথসভা বাতিলের প্রসঙ্গে তিনি বলেন, জনসমাগম হলে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি তৈরি হতে পারে—সেই বিবেচনায় পথসভা বাতিল করেছি। আমি চাই না আমার কারণে জনগণের কষ্ট হোক।
বিডি প্রতিদিন/হিমেল