মৌলভীবাজারের পর্যটন নগরী শ্রীমঙ্গলের সমস্যা সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন নব-নির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।
আজ মঙ্গলবার সকালে শহরের সাগরদিঘি সড়কের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব'র হল রুমে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রেসক্লাবের কার্যকরী সভাপতি শামীম আক্তার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক কবি দীপেন্দ্র ভট্টাচার্য, জোষ্ঠ সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জুসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা।
প্রধান অতিথি মুজিবুর রহমান চৌধুরী এমপি বলেন, আপনারা সাংবাদিকরা কারো লেজুড়বৃত্তিক হবেন না। নিরপেক্ষভাবে সংবাদ লিখে যান। এখানে আমার দলের নেতাকর্মী কিংবা আমারও যদি কোন দোষগুণ খুঁজে পান তা প্রকাশ করেন। গণমাধ্যম এখন সম্পূর্ণ স্বাধীন।
তিনি বলেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জে অনেক সমস্যা আছে, সম্ভাবনাও রয়েছে। আমি বিষয়গুলো নিয়ে কাজ করবো। শ্রীমঙ্গল শহরে এখন যানজট বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা নিরসনে বাইপাস সড়ক তৈরির কাজ দ্রুত শুরু হবে। আগামী নির্বাচনের আগেই পৌরসভা সীমানা বর্ধিত করা হবে।
দুর্নীতি ও মাদকের বিষয়ে আমি জিরো টলারেন্সে থাকবো। এই বিষয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে আরো তৎপর হতে হবে।
বিডি প্রতিদিন/হিমেল