মৌলভীবাজারের শ্রীমঙ্গলকে পরিচ্ছন্ন রাখতে এবং জলাবদ্ধতা নিরসনে পলিথিন, প্লাস্টিক পণ্য ও অপচনশীল বর্জ্য অপসারণ অভিযান শুরু হয়েছে।
শুক্রবার সকালে শহরতলীর ভূরভুড়িয়া ছড়ায় অভিযান উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মো. মুজিবুর রহমান চৌধুরী।
এমপি পরে পলিথিনের ব্যবহার কমানো ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করেন। পাশাপাশি বিভিন্ন পর্যটন এলাকায় বর্জ্য নির্দিষ্ট স্থানে জমিয়ে রাখার জন্য ডাস্টবিন স্থাপন করা হয়।
মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর থেকে দেশ পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখছেন। তার দিকনির্দেশনা ও অনুপ্রেরণায় আমরা মাঠপর্যায়ে কাজ করছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের এই পর্যটন এলাকা সবসময় পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। সম্মিলিত সচেতনতায় সুন্দর, গোছানো ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যেই পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। এটা চলমান থাকবে।’
পৌরসভা ও উপজেলা প্রশাসনের এই যৌথ উদ্যোগে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মুহিবুল্লাহ আকন্দ, পৌরসভার প্রকৌশলী জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী, স্কাউট ও বিএনসিসির সদস্যরা।
বিডি-প্রতিদিন/এমই